একমাত্র ছেলেকে দেখতে কানাডায় উড়াল দিলেন ববিতা

প্রখ্যাত অভিনেত্রী ববিতার ছেলে অনিক ইসলাম দীর্ঘদিন ধরে কানাডা প্রবাসী। সেখানে তিনি পড়াশোনাে এবং চাকরি করছেন। স্থায়ীভাবে থাকছেনও। একমাত্র সন্তানকে দেখতে কানাডা উড়াল দিলেন তিনি।

রোববার (২৪ জুলাই) রাতে ঢাকা থেকে কানাডার উদ্দেশে রওনা দিয়েছেন ববিতা।

এক সময়ের সাড়া জাগানো চিত্রনায়িকা ববিতা বলেন, ‘মায়ের মন বলে কথা। কয়েক মাস আগে এসেছি। কিন্তু মন কেমন করছে। তাই আবারও যাচ্ছি। কয়েক মাস ছেলের সঙ্গে থাকব।’

তিনি আরও বলেন, ‘ছেলের জন্য মায়ের ভালোবাসা নিয়ে যাচ্ছি কানাডায়। সন্তানের জন্য মায়ের ভালোবাসার চেয়ে বড় আর কিছু নেই।’

ববিতা জানান, ‘যাওয়ার পরই মা-ছেলে একসঙ্গে মজার সব রান্না করব আর খাব। রান্না করতে মন না চাইলে বাইরে গিয়ে কোথাও খেয়ে নেব। কানাডায় গেলে টুকটাক বাজার করি। বাংলাদেশ থেকে কাপড়চোপড় নিয়ে যাই, সেটা অনিক পছন্দ করে না। ও বলে, আমি সঙ্গে থাকব শুধু। দরকার হলে ঘুরে ঘুরে সব কিনব।’

একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রীর বসবাস রাজধানীর অন্যতম অভিজাত এলাকা গুলশানে। ছেলে অনিক থাকেন কানাডার ওয়াটার লু এলাকায়। এ বছরের শুরুর দিকে ববিতা কানাডা থেকে ঢাকায় এসেছিলেন। ফের গেলেন ছয় মাস বাদে। কানাডা থেকে যুক্তরাষ্ট্র হয়ে নায়িকা দেশে ফিরবেন আগামী নভেম্বরে।

কাজের ক্ষেত্রে বহুদিন হলো চলচ্চিত্র থেকে দূরে ববিতা। তবে গত মে মাসে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। বলেন, ‘ভালো গল্প ও মনের মতো চরিত্রের অপেক্ষায় আছি। পেলেই অভিনয়ে ফিরব। কয়েকজন নির্মাতার পাঠানো চিত্রনাট্য পড়েছি। কয়েকটি গল্প পছন্দও হয়েছে।’ যদিও এখনো কোনো সিনেমা চুক্তিবদ্ধ হননি অভিনেত্রী।

সত্তরের দশকে অভিনয়ে আসেন ববিতা। উপহার দিয়েছেন বহু দর্শকপ্রিয় ছবি। স্বীকৃতিস্বরূপ পেয়েছেন আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এছাড়া ছয়টি বাচসাস পুরস্কারসহ ববিতার ঝুলিতে আছে ছোট-বড় দুই ডজনের বেশি সম্মাননা। কিংবদন্তি এই অভিনেত্রী কবে পর্দায় ফেরেন, সেই অপেক্ষায় দর্শক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *