পদ্মা সেতু ভ্রমণে মানুষের আগ্রহের বিষয়টি বিবেচনায় নিয়ে ‘স্বপ্নের পদ্মা সেতু প্যাকেজ ট্যুর’ চালু করল পর্যটন করপোরেশন।
প্রতি শুক্র ও শনিবার পরিচালিত হবে অর্ধদিবসের ট্যুরটি। প্যাকেজে ৯৯৯ টাকায় পদ্মা সেতুর দিন ও রাতের সৌন্দর্য উপভোগ করে ঢাকায় ফিরতে পারবেন দর্শনার্থীরা। থাকবে দুটি স্ন্যাকসের ব্যবস্থাও।
শুক্রবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের পর্যটন ভবনে এই প্যাকেজের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নির্দেশনায় বাংলাদেশ পর্যটন করপোরেশন এমন প্যাকেজ করে ভ্রমণের আয়োজন করেছে।
পর্যটন করপোরেশন সূত্রে জানা যায়, প্রথম ট্যুরেই মিলেছে ৬০ জন দর্শনার্থী। আগে এলে আগে পাবেন ভিত্তিতে এসব দর্শনার্থীকে দুটি শীতাতপনিয়ন্ত্রিত ট্যুরিস্ট কোস্টারে করে রাজধানীর আগারগাঁও থেকে পদ্মা সেতু দেখাতে নিয়ে যাওয়া হয়। প্রথম ট্যুরে দুটি কোস্টার ছাড়াও একটি মাইক্রোবাসে করে কিছু দর্শনার্থী নেওয়া হয় বলে জানান করপোরেশনের উপব্যবস্থাপক (বিপণন ও ভ্রমণ) শেখ মেহদি হাসান।
তিনি আরও জানান, আগামীকাল ২৩ জুলাই ও ২৯ জুলাই পর্যন্ত পদ্মা সেতু দেখতে আগাম বুক হয়ে গেছে। এই দুই দিনে ১১০ জন দর্শনার্থী পদ্মা সেতু দেখতে আগাম বুকিং দিয়েছেন।
পর্যটন করপোরেশন জানায়, সপ্তাহে দুই দিন সংস্থাটি দর্শনার্থীদের পদ্মা সেতু দেখাতে নিয়ে যাবে। প্রতি শুক্র ও শনিবার বিকেলে ঢাকার আগারগাঁওয়ের পর্যটন ভবন থেকে বিকেল ৪টায় আগ্রহী দর্শনার্থীদের নিয়ে যাত্রা শুরু করে পদ্মা সেতু ঘুরিয়ে আবার রাত ১০টায় ফিরে আসবে। যদিও প্রথম যাত্রায় নির্ধারিত সময়সীমা ধরে রাখা সম্ভব হয়নি। রাস্তার যানজট ও উদ্বোধনী অনুষ্ঠানের বিলম্বের কারণে কিছুটা বাড়তি সময় লাগে প্রথম দিন।
এদিকে প্রথম দিন দর্শনার্থীরা ৯৯৯ টাকায় পদ্মা সেতু দেখার সুযোগ পেলেও আগামীকাল শনিবার থেকে ভ্রমণ খরচ বাড়বে। আগামীকাল যেসব দর্শনার্থী পর্যটন করপোরেশনের কোস্টারে চড়ে পদ্মা সেতু দেখতে যাবেন, তাঁদের জনপ্রতি গুনতে হবে ১ হাজার ২০০ টাকা। এ বিষয়ে শেখ মেহদি হাসান বলেন, ‘আমাদের এ প্যাকেজের খরচ ২ হাজার টাকা। প্রথম কয়েক দিন বিশেষ মূল্যছাড় দেওয়া হচ্ছে।’
