আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। যাকে নিয়ে আলোচনা করা যায়, কিন্তু তাকে এড়িয়ে যাওয়া যায় না। আলোচনা-সমালোচনার তোয়াক্কা না করে আপন মনে কাজ করে যাচ্ছেন তিনি।
সম্প্রতি বিকৃতভাবে রবীন্দ্রসংগীত গেয়ে তোপের মুখে পড়েন তিনি। তার বিরুদ্ধে মানববন্ধনও করেছে একটি সংগঠন। সেই রেশ না কাটতেই ‘পদ্মা সেতু’ নিয়ে নতুন আরেকটি গানে কণ্ঠ দেন হিরো আলম। সেই গানকে ঘিরেও বিদ্রুপ করতে থেমে নেই শ্রোতারা। তার অনুরাগীরাও বেশ ক্ষুব্ধ।
কিন্তু যাকে নিয়ে এত কটূক্তি, এত চর্চা, সেই হিরো আলম কিন্তু একেবারেই নিশ্চুপ। ভারতীয় এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, হিরো আলম পারে না এমন কোনো কিছু নেই।
হিরো আলম মানেই হিট। লাখ লাখ ভিউ আর লাইক। তার গাওয়া আরবি গান এবং উগান্ডা গানও বিপুল জনপ্রিয়তা পেয়েছে। শিল্পীর ভাষ্য, গান গাইতে পারে যে কেউ। গান গাওয়ার জন্য কারও অনুমতি প্রয়োজন আছে বলে মনে হয় না। আমি ভালবেসে গান করি।
তিনি আরও বলেন, আমাকে এই গান গাইতে বাধ্য করা হয়েছে। আমি দেশের বড় বড় শিল্পীদের কাছে গেছিলাম, আমার ভিডিয়োয় গান গাওয়ার আর্জি নিয়ে। তারা কেউ রাজি হননি। তখনই ভাবলাম, আমি যদি হিরো হতে পারি, তা হলে গানও গাইতে পারি।
