ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে সিনেমা ‘সাইকো’। অনন্য মামুন পরিচালিত সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরি ও রোশান। সম্প্রতি সিনেমাটি প্রসঙ্গে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন পূজা চেরি।
প্রশ্ন: ঈদে ‘সাইকো’ সিনেমা মুক্তির পর দর্শকরা কী বলছেন?
পূজা চেরি: আগে এ ধরনের পুরো বাণিজ্যিক সিনেমা ‘প্রেম আমার-২’তে অভিনয় করেছি। ‘সাইকো’ তারচেয়েও বেশি বাণিজ্যিক সিনেমা। এখানে আরও স্মার্ট একটি মেয়ের চরিত্রে অভিনয় করেছি। এমন চরিত্রে আমাকে দেখে দর্শকরা পছন্দ করছেন। প্রথমে একটু ভয়ে ছিলাম তারা কী বলবেন। তবে, সিনেমাহল ভিজিটে গিয়ে জানতে পেরেছি- দর্শকরা সিনেমাটি পছন্দ করেছেন। এসব জানতে পেরে আমার সত্যি অনেক ভালো লেগেছে।
প্রশ্ন: নিজের শহর খুলনায় প্রথম নিজের সিনেমার প্রচারণায় গেলেন। কী মনে হচ্ছিল?
পূজা চেরি: নিজের মুক্তি পাওয়া সিনেমা ‘সাইকো’ নিয়ে প্রথমবার খুলনাতে গিয়ে কী পরিমাণ ভালো লেগেছে সেটা বোঝাতে পারবো না। নিজের শহরের মেয়েকে তারা প্রাণ উজাড় করে ভালোবাসা দিয়েছেন। এখানে সেদিন অনেক শো হাউজফুল গেছে। দর্শকদের এত এত ভালোবাসায় মুগ্ধ হয়েছি।
প্রশ্ন: শাকিব খান, সিয়ামের বাইরে রোশানের সঙ্গে সিনেমা মুক্তি পেল। কোনো পার্থক্য মনে হয়েছে?
পূজা চেরি: এদের কারো সঙ্গেই শাকিব ভাইয়ের তুলনা চলে না। শাকিব খান একজন সুপারস্টার। সিনেমা ইন্ড্রাস্ট্রি আগলিয়ে রেখেছেন। তবে, এখনকার সময়ে সিয়াম, রোশান অনেক ভালো করছেন। তাদের বিপরীতেও দর্শক আমাকে পছন্দ করেন। রোশান অনেক পরিশ্রম করে ভালো কিছু করার জন্য। তার মধ্যে ভালো সিনেমা করার একটা চেষ্টা চোখে পড়ে, যা তাকে অনেকদূর নিয়ে যাবে।
উল্লেখ্য, সাইকো সিনেমাটি প্রযোজনা করছেন সেলিব্রেটি প্রডাকশন। রোশান-পূজা ছাড়াও অভিনয় করেছেন শহিদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী প্রমুখ। বাংলাদেশ ছাড়াও শুটিং হয়েছে নেপালে।
