ঈদে মুক্তি পেয়েছে ‘আইসক্রিম’ খ্যাত অভিনেতা শরিফুল রাজ অভিনীত ‘পরাণ’। চলচ্চিত্রটিতে দুর্দান্ত অভিনয়ের কারণে বেশ প্রশংসিত হচ্ছেন তিনি। সেই সঙ্গে সিনেমাটির প্রচারণায় আজকাল খুব ব্যস্ত থাকতে হচ্ছে তাকে। ব্যস্ততার কারণে স্ত্রী পরীমণিকে চিকিৎসকের কাছে পর্যন্ত নিয়ে যেতে পারেননি। ফলস্বরূপ কানে ধরে সাজাভোগ করতে হলো তাকে।
সামাজিক যোগাযোগমাধ্যমে রাজের কানে ধরা ছবিগুলো পোস্ট করে পরীমণি লিখেছেন, ‘১০ দিন দেরি করে তিনি আমাকে ডক্টর চেকআপে নিয়ে গেলেন!’
এরপর তিনি রাজের বিচারের ভার সবার ওপর ছেড়ে দিয়ে আরও লিখেছেন, ‘কি করা উচিত?’
সবশেষে পরাণের সাফল্যের কারণে ছাড় দিলেন উল্লেখ করে তিনি লেখেন, “যাও ‘পরাণে’র বাজিমাতের জন্য মাফ করে দিলাম। পুচকু মিস করে আপনাকে। শিগগির বাসায় আসেন।”
এবারের ঈদুল আজহায় পরীমণির কোনো সিনেমা মুক্তি না পেলেও তার স্বামীর অভিনীত ‘পরাণ’ এর প্রচার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। রোববার (১০ জুলাই) ঈদের দিন দেশের ১১টি সিনেমা হলে মুক্তি পেয়েছে রায়হান রাফি পরিচালিত সিনেমাটি।
স্বামীর কাজ নিয়ে বেশ উচ্ছাস প্রকাশ করেতে দেখা যায় পরীমণিকে। এর আগে একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে পরী লিখেন, ‘আমার পরাণটা দিলা তো সব কাঁপিয়ে! এভাবেই রাজ করতে থাকো পুরোটা সময়। ঈদ মোবারক।’
উল্লেখ্য, চিত্রনায়ক রাজের অনাগত সন্তানের মা হতে চলেছেন পরীমণি। কিন্তু সিনেমার প্রচারে ব্যস্ত থাকায় নিয়মিত ডক্টর চেক আপে নিয়ে যেতে দেরি করায় রাজের উদ্দেশ্যে এমন স্ট্যাটাস দেন পরী।
