পৌনে ৩ কোটি টাকা জরিমানা দিল ৩ মোবাইল অপারেটর

অবৈধ ভিওআইপি কার্যক্রমে সিম ব্যবহৃত হওয়ায় জরিমানার দুই কোটি ৭৮ লাখ ২৫ হাজার টাকা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) পরিশোধ করেছে দেশের তিন বেসরকারি মোবাইল অপারেটর- রবি, গ্রামীণফোন ও বাংলালিংক।

আজ বৃহস্পতিবার (১৪ জুলাই) জরিমানা আদায়ের বিষয়টি নিশ্চিত করেছেন বিটিআরসির মিডিয়া অ্যান্ড পাবলিক উইংয়ের উপপরিচালক মো. জাকির হোসেন খাঁন।

মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেড থেকে ২ কোটি ১০ লাখ, গ্রামীণফোন লিমিটেড থেকে ৫২ লাখ ৫০ হাজার এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন থেকে ১৫ লাখ ৭৫ হাজার টাকা আদায় করা হয়েছে।

গত ১২ জুলাই বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন, ১৩ জুলাই গ্রামীণফোন লিমিটেড এবং ১৪ জুলাই রবি আজিয়াটা লিমিটেড জরিমানার এসব টাকা পে-অর্ডারের মাধ্যমে পরিশোধ করে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১ এর ৬৫ (৫) ধারা অনুযায়ী গত ১০ এপ্রিল কমিশনের চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে এবং ভাইস-চেয়ারম্যান ও কমিশনারদের উপস্থিতিতে অনুষ্ঠিত শুনানির সিদ্ধান্ত মোতাবেক আরোপিত প্রশাসনিক জরিমানা পরিশোধের জন্য সংশ্লিষ্ট অপারেটরসমূহকে নির্দেশনা দেওয়া হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *