সিনেমা ও টেলিভিশনের প্রিয়মুখ বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলী আহমেদ মারা গেছেন। শুক্রবার (৮ জুলাই) সকালে পরপারে পাড়ি জমান ঢাকাই সিনেমার এই জনপ্রিয় অভিনেত্রী। দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। অবশেষে ঝলমলে অভিনয় জীবনের ইতি টেনে পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে।
দেশের সিনেমা ও নাট্যাঙ্গনে বরেণ্য এই অভিনেত্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি মায়ের চরিত্রে অভিনয় করেই বেশি সাফল্য পেয়েছেন। এজন্য অভিনয় জগতের ‘মা’ বলে অভিহিত করা হয় তাকে।
শর্মিলী আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সময়ের আলোচিত সমালোচিত নায়ক জায়েদ খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, শর্মিলী মা, আমাদের ভালোবাসা। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন..
দেশবরেণ্য চলচ্চিত্র অভিনয় শিল্পী, একজন ভালো মনের মানুষ শ্রদ্ধেয় শর্মিলী আহমেদ মা আর নেই….
আমাদের ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে, শান্তিতে থাকুন আপনি। ভালোবাসা থাকবে, আপনি থাকবেন স্মরণে হৃদয়ে আমাদের।
