বরেণ্য অভিনেত্রী শর্মিলী আহমেদ মারা গেছেন। শুক্রবার (৮ জুলাই) ভোরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৫।
টিভি নাটকের সংগঠন অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শর্মিলী আহমেদ ক্যানসারে আক্রান্ত ছিলেন। শুক্রবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার মৃত্যু হয়েছে। তবে তার জানাজা ও শেষ শ্রদ্ধার ব্যাপারে এখনো চূড়ান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
জানা গেছে, শুক্রবার ভোরে শর্মিলী আহমেদের শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর তাকে উত্তরার বাসা থেকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, শর্মিলী আহমেদ ১৯৬২ সালে রেডিওতে এবং ১৯৬৪ সালে চলচ্চিত্রে তার ক্যারিয়ার শুরু করেন। বিটিভির প্রথম নাটক ‘দম্পতি’তে অভিনয় করেন তিনি।
১৯৭৬ সালে মোহাম্মদ মহসিন পরিচালিত ‘আগুন’ সিনেমায় প্রথমবারের মতো মায়ের ভূমিকায় অভিনয় করেন এই গুণী অভিনেত্রী।





