Home আন্তর্জাতিক গুলিবিদ্ধ জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে মারা গেছেন

গুলিবিদ্ধ জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে মারা গেছেন

0
154

আন্তর্জাতিক ডেস্ক: জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে মারা গেছেন। দুর্বৃত্তের গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জাপানের জাতীয় সম্প্রচারমাধ্যমের বরাত দিয়ে শুক্রবার (৮ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

৬৭ বছর বয়সী হাসপাতালে মারা যাওয়া আবে দীর্ঘ সময় ধরে জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

জাপান টাইমসের প্রতিবেদনে জানানো হয়, নারা শহরে নির্বাচনি প্রচারসভায় বক্তব্য দেয়ার সময় বুকে গুলিবিদ্ধ হন শিনজো আবে। একে গুপ্তহত্যার চেষ্টা হিসেবে মনে করা হচ্ছে।

ঘটনার পরপর অচেতন অবস্থায় হাসপাতালে নেয়া হয় তাকে। তার বুক থেকে রক্ত ঝরছিল।

আগামী রোববার অনুষ্ঠেয় জাপানের পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অফ কাউন্সিলরসের নির্বাচন সামনে রেখে দেশটিতে চলছে প্রচার। সে প্রচারের অংশ হিসেবে স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে ইয়ামাতো সাইদাইজি স্টেশনের সামনে বক্তব্য দিচ্ছিলেন আবে। সে সময় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়।

পুলিশ এরই মধ্যে সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করেছে। ৪১ বছর বয়সী এ ব্যক্তি তেতসুয়া ইয়ামাগামি বলে জানিয়েছে রাষ্ট্রীয় টেলিভিশন এনএইচকে।

ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, আবেকে লক্ষ্য করে দুটি গুলি ছোড়া হয়।

জাপানের অগ্নি ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, একটি গুলি আবের ঘাড়ের ডান পাশে লাগে। তার বুকের বাম পাশে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে।

উল্লেখ্য, জাপানে দুই মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন আবে। দেশটির সবচেয়ে বেশি সময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২০ সালে অসুস্থতার কারণে তিনি পদত্যাগ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here