কলকাতার ছবিতে অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের সিয়াম আহমেদ। ছবির নাম ঠিক না হলেও ছবিতে সিয়ামের সহশিল্পী হিসেবে এই ছবিতে থাকছেন প্রসেনজিৎ, শ্রাবন্তী, আয়ুশী তালুকদারদের মতো তারকারা।
সিনেমাটির প্রযোজক শ্যামসুন্দর দে। সিয়ামকে নিয়ে কাজ করার জন্য তিনি দেড় বছর ধরে কথা চালিয়ে যাচ্ছিলেন বলে জানান সিয়াম। অবশেষে একটি প্রজেক্টে কাজ করতে সম্মত হলেন তারা।
ঘটনাটি জানিয়ে সিয়াম বলেন, ‘আমার পোড়ামন ২ সিনেমাটা যখন মুক্তি পেয়েছে, তখন থেকেই শ্যামসুন্দর দে আমাকে নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।’
তার পর থেকেই এ শিল্পী ও প্রযোজকের মধ্যে কথা হতো। তারা চার-পাঁচটা গল্প নিয়ে কথা বলেছেন। শেষমেশ এই গল্পে তারা কাজ করবেন বলে সম্মত হয়েছেন।
সিয়াম বলেন, ‘প্রযোজক আমাকে নিয়ে যৌথ প্রযোজনার সিনেমা করতে চাননি, তিনি প্রথম থেকেই আমাকে নিয়ে কলকাতার সিনেমায় করতে চেয়েছেন। তাই ওখানে আমি কীভাবে অভিষিক্ত হব, সেটা একটা বিষয় হয়ে ওঠে আমাদের কাছে।
‘আমি এটাও চিন্তা করেছি যে কলকাতার সিনেমা হলেও গল্পটি যেন আমার দেশের দর্শকও রিলেট করতে পারে। আমরা অনেক আলোচনার পর এই গল্পে কাজ করতে সম্মত হয়েছি।’
সিয়াম আরও বলেন, ‘যে চরিত্রে আমি কাজ করছি সেটি কিন্তু মাস খানেক আগে ঠিক হয়েছে। তাই এগুলো নিয়ে আরও অনেক কাজ, মিটিং, কথা বলা, এগিয়ে যাওয়া বাকি।’
যে গল্পটি ঠিক হয়েছে, সেই গল্পে সিয়ামকে চূড়ান্ত করার পর প্রসেনজিৎকে সিনেমায় চুক্তিবদ্ধ করা হয়েছে বলে জানান সিয়াম। তিনি বলেন, ‘এটা আমি জানতাম না। এখন জেনে ভালো লাগছে।’
সিয়াম বলেন, ‘এই ছবিতে প্রসেনজিৎ, শ্রাবন্তীর মতো সহশিল্পী পাচ্ছি, অনেক কিছু শিখতে পারব। তা ছাড়া আমার বিপরীতে আয়ুশী আমার পছন্দের অভিনেত্রী। বাংলাদেশে একবার এসেছিলেন, তখন তাঁর সঙ্গে দেখা হয়েছিল আমার ।’
আগামী আগস্ট থেকে ছবির শুটিং শুরু হবে। ছবির পরিচালক বলেন, পুরো ছবির শুটিং হবে লন্ডনে। টানা ২০ দিনের মতো শিডিউল লাগতে পারে।
সিয়ামের সঙ্গে প্রথম জুটি হবেন আয়ুশী তালুকদার। তিনি বলেন, ‘সিয়ামের সঙ্গে আমার আগে পরিচয় ছিল না। কিছুদিন আগে এক দিনের জন্য বাংলাদেশে গিয়েছিলাম। একটি প্রযোজনা প্রতিষ্ঠানের সিনেমার গল্প শুনতে। সেখানে সিয়ামের সঙ্গে প্রথম দেখা হয়। শুনেছি, সিয়াম বাংলাদেশের জনপ্রিয় নায়ক।’
