সালটা ছিল ১৯৯৫। সেই বছর করণ অর্জুন ছবিতে বলিউডের দুই খান শাহরুখ খান আর সালমান খানকে প্রথমবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছিল। এরপর কেটে গিয়ছে ২৭ বছর। দুই তারকার অভিনয় একসঙ্গে উপভোগ করার মজা আর পায়নি দর্শক।
তবে শাহরুখ আর সালমান দুজনকেই দুজনের ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। কিং খানের আগামী ছবি পাঠান আর ভাইজানের আসন্ন মুভি টাইগার থ্রি-তে ক্যামিও করতে দেখা যাবে শাহরুখ আর সালমানকে।
তবে এতে কী মন ভরে এই তারকা জুটি ভক্তদের! তাই পুরো সিনেমা জুরে শাহরুখ-সালমানকে দর্শকের দরবারে নিয়ে আসার চিন্তাভাবনা করছেন যশ রাজ ফিল্মসের বর্তমান কর্ণধার আদিত্য চোপড়া।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সুত্রে খবর, আদিত্য চোপড়া নাকি ইতিমধ্যেই দুই সুপারস্টারকে একসঙ্গে নিয়ে কাজ করার পরিকল্পনী করে ফেলেছেন। যশ রাজ ফিল্মসের ব্যানারে মুক্তি পাবে সেই ছবি। ১৯৯৫ সালে করণ অর্জুন মুক্তির পর ২০২২ সালে ফের এই দুই সুপারস্টারকে একসঙ্গে দেখার আশা জাগল এই তারকা জুটির ভক্তদের মনে।
সিনেমার স্ক্রিপ্ট থেকে সংলাপ সব কিছু নিয়েই কাজ শুরু করে দিয়েছেন আদিত্য চোপড়া। ২০২৩ সালের শেষে বা ২০২৪ -এর শুরুতে শ্যুটিং শুরু হতে পারে এই ছবির।
তবে সিনেমা পরিচালনা কে করবেন সেই বিষয় আপাতত কোনও কিছু জানা যায়নি। তবে ২৭ বছর পর এই জুটির কামব্যাকের খবরে খুশির হাওয়া ভক্তমহলে।
এদিকে বিনোদনভিত্তিক পোর্টাল পিঙ্কভিলা এক বিশেষ প্রতিবেদনে দাবি করেছে, এই সিনেমাটিই ভারতের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, এই সিনেমায় ‘পাঠান’ ও ‘টাইগার’ সিনেমার গল্পকে সংযুক্ত করা হবে; দুই সিনেমার প্রযোজকও যশরাজ ফিল্মস।
এদিকে দু’জনের ঝুলিতেই একগুচ্ছ ছবি। এই বছর দু’টি ছবি মুক্তি পাবে শাহরুখের। সালমন-ক্যাটরিনার জুটির ‘টাইগার ৩’ মুক্তি পাবে এই বছরই। যে ছবিতে অতিথি শিল্পী হিসাবে দেখা যাবে শাহরুখকে। অন্য দিকে শাহরুখের ‘পাঠান’ ছবিতেও থাকছে চমক। টাইগার রূপে হাজির হবেন ভাইজান।
