ঈদের আনন্দ আরও কয়েক গুণ বাড়িয়ে দিতে একক সংগীতানুষ্ঠান নিয়ে আসছেন মাহফুজুর রহমান। ‘রঙের দুনিয়া’ নামের এ সংগীতানুষ্ঠানটি প্রচার হবে ঈদের দিন, রাত ১০টা ৩০ মিনিটে এটিএন বাংলায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের অনুষ্ঠানে রয়েছে মোট ৯টি গান। গানগুলোতে সুর দিয়েছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের কথা লিখেছেন নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ এবং মাহফুজুর রহমান নিজেও।
গানগুলোর শিরোনাম হলো- তোমার ঐ চোখ, একটু চোখের আড়াল, স্বপ্নের মতো মনে হয়, চোখের ওপর, রঙের দুনিয়া, সেই মেয়েটি, তুমি আমার প্রিয়া, রিমিক্স দাইমা এবং তোমার জন্য আমি।
ইতোমধ্যে এটিএন বাংলার স্টুডিওতে গানগুলোর ভিডিও ধারণ সম্পন্ন হয়েছে। ভিডিওতে বিভিন্ন সুন্দরী নারী মডেলের সঙ্গে পারফর্ম করেছেন গায়ক মাহফুজুর রহমান।
উল্লেখ্য, ২০১৬ সাল থেকে ধারাবাহিকভাবে এটিএন বাংলায় প্রচার হচ্ছে ড. মাহফুজুর রহমানের একক সংগীতানুষ্ঠান। নিজের একান্ত ভালোবাসা থেকেই গান করেন বলে বিভিন্ন সময় জানিয়েছেন এই গায়ক।
