ডিভোর্সের ৫ বছর পর ছেলের জন্য এক ফ্রেমে রাহুল-প্রিয়াঙ্কা

সময়টা ছিল ২০০৮ সাল। নির্মাতা রাজ চক্রবর্তীর হাত ধরে দু’জন নায়ক-নায়িকা টলিউডে আত্মপ্রকাশ করেন। সিনেমার নাম ‘চিরদিনই তুমি যে আমার’। মুক্তির পর পশ্চিমবঙ্গজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পায় সিনেমাটি। সেই সুবাদে পরিচিতি পান নায়ক-নায়িকা; অর্থাৎ রাহুল ব্যানার্জি ও প্রিয়াঙ্কা সরকার।

একসঙ্গে কাজ করতে গিয়ে একে-অপরকে ভালোবেসে ফেলেন রাহুল ও প্রিয়াঙ্কা। সেই ভালোবাসা গড়ায় বিয়েতে। ২০১০ সালে তারা বিয়ে করেন। সংসারও চলে সুখে। সেই সংসার আলো করে আসে পুত্র সন্তান সহজ।

কিন্তু ঘরটা স্থায়ী হলো না। বিয়ের সাত বছরের মাথায় ২০১৭ সালে বিবাহবিচ্ছেদ করেন রাহুল ও প্রিয়াঙ্কা। তাদের বিচ্ছেদে ভক্তরাও কষ্ট পেয়েছিল। এরপর দু’জনেই একাধিক সম্পর্কে জড়িয়েছেন বলে গুঞ্জন শোনা যায়।

এদিকে বিচ্ছেদের ৫ বছর পর আবারও এক হলেন রাহুল-প্রিয়াঙ্কা। অতীতের তিক্ততা ভুলে সন্তানকে মাঝে বসিয়ে হাসিমুখে ক্যামেরাবন্দি হয়েছেন প্রাক্তন দম্পতি। ছবিটি ইনস্টাগ্রামে শেয়ার করে রাহুল লিখেছেন, ‘নতুন সূচনা’।

তাহলে কি ফের এক ছাদের নিচে আসছেন রাহুল-প্রিয়াঙ্কা? না, বিষয়টি একেবারেই তা নয়। আসলে রাহুল এবার পরিচালকের আসনে। আর এই শুরুর সঙ্গেই নতুন শুরু হচ্ছে সহজরেও। বাবার পরিচালনায় প্রথমবার ক্যামেরার সামনে আসবে সহজ। ছবির নাম ‘কলকাতা ৯৬’। সেই ছবির চিত্রনাট্যটি ছেলের হাতে তুলে দিয়েছেন রাহুল। সেই ছবিই তুলেছেন প্রযোজক রাণা সরকার।

একই ছবি ফেসবুকে পোস্ট করে রাণা সরকার লিখেছেন, ‘কলকাতা ৯৬ – চিরদিনই তুমি যে আমার’।

‘কলকাতা ৯৬’-এর কাহিনি, চিত্রনাট্য, সংলাপ রাহুলের। সহজের বয়সী একটা চরিত্র থাকায় ছেলের কথাই প্রথম মাথায় আসে। আপত্তি জানাননি প্রিয়াঙ্কাও। বাবার ছবিতে হাতেখড়ি হবে ছেলের ভেবে নিশ্চিন্ত তিনি।

এই প্রসঙ্গে রাহুল জানান, ‘প্রিয়াঙ্কা আমাদের ছেলে সহজকে নিয়ে বেশ খুঁতখুঁতে। ও কোথায় থাকবে, কী করবে, এ সব নিয়ে খুব দুশ্চিন্তা করে। কিন্তু এ ক্ষেত্রে করছে না কারণ গল্পটা ওর ভাল লেগেছে। শ্যুটিংয়ের প্রথম দিন তো সেটে থাকবেই প্রিয়াঙ্কা। তার পর ওর নিজের ব্যস্ততা সামলে মাঝে মধ্যে সেটে আসবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *