জাতীয় প্রেস ক্লাবের সামনে কাজী আনিস নামে এক ব্যবসায়ী তার নিজের শরীরে আগুন দিয়েছেন। এ সময় তার শরীরের বেশ কিছু অংশ পুড়ে যায়। সোমবার বিকাল সাড়ে ৪ টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই ব্যবসায়ীর নাম কাজী আনিস। তিনি কুষ্টিয়া কুমারখালী উপজেলার পান্টি গ্রামের বাসিন্দা। তিনি কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। সে ঠিকাদারির ব্যবসা করেন বলে জানা গেছে।
পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার হারুন অর রশিদ বলেন, ‘জাতীয় প্রেসক্লাবের ভেতরে এক ব্যক্তি গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন, পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়েছে। তবে কী কারণে তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন, তা আমরা এখনো জানতে পারিনি।’
হাসপাতালে মো. আলী নামের গাজী আনিসের এক বন্ধু বলেন, হেনোলাক্স কোম্পানির কাছে ১ কোটি ২৬ লাখ টাকা পাবেন তিনি। কিন্তু কোম্পানি পাওনা টাকা দিচ্ছে না। এ নিয়ে এর আগে মানববন্ধন করেছেন তিনি, কিন্তু কোনো লাভ হয়নি। আজ গায়ে আগুন দিয়েছেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে জানান, তার মুখমণ্ডলসহ শরীরের বেশিরভাগ দগ্ধ হয়েছে। তার চিকিৎসা চলছে।
