ছোট পর্দার পরিচিত মুখ মডেল অভিনেতা সাব্বির আহমেদ। অভিনয় ভুবনে নিয়মিত বাসিন্দা তিনি। তার বাবা একজন মুক্তিযোদ্ধা। গত ৩ জুলাই ছিল সাব্বিরের বাবা মো. ফারুকুল ইসলামের ৭০তম জন্মবার্ষিকী।
জন্মদিন উপলক্ষে সাব্বির তার বাবাকে বিশেষ উপহার হিসেবে হেলিকাপ্টারে ঘুরিয়ে পদ্মা সেতু দেখিয়েছেন। এমনকি হেলিকপ্টারে বসে কেকও কেটেছেন তারা। তাদের এই সফরে সঙ্গী হয়েছিলেন অভিনেতার মা, স্ত্রী ও কন্যা।
সাব্বির জানান, ‘বেশ কয়েক বছর আগে থেকেই পরিকল্পনা ছিল বাবাকে সারপ্রাইজ দিব। কিন্তু করোনার কারণে সেটি সম্ভব হয়নি। তবে পদ্মা সেতু উদ্বোধনের পর মনে হলো, এটাই মোক্ষম সময়। হেলিকপ্টার ভাড়া করে বাবাকে পদ্মা সেতু দেখিয়ে নিয়ে এলাম। পুরো পরিবার এই যাত্রা বেশ উপভোগ করেছি। প্রত্যেকের উচিত বাবা-মাকে এ রকম সুন্দর সারপ্রাইজ দেওয়া।’
অভিনেতার বাবা মো. ফারুকুল ইসলাম বলেন, ‘হেলিকপ্টার থেকে পদ্মা সেতু দেখতে অনেক ভালো লেগেছে। এটা জীবনের একটা শ্রেষ্ঠ সফর। আমার ছোট ছেলেকে আন্তরিক অভিনন্দন ও দোয়া।’
