মৌলভীবাজারের বিভিন্ন উপজেলায় ৫০ লাখেরও বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এই সংকট সময়ে প্রশাসনের পাশাপাশি দেশের সাধারণ মানুষও নানা মানবিক উদ্যোগে অংশ নিচ্ছেন।
দেশের শোবিজ অঙ্গনের তারকারাও শামিল হচ্ছেন মানবিক উদ্যোগগুলোর সঙ্গে। তার ধারাবাহিকতায় বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।
কোনো পূর্ব ঘোষণা ছাড়াই সিলেট ছুটে গেলেন নায়ক রিয়াজ, সাইমন ও নায়িকা নিপুণ, জেসমিনসহ একটি টিম। বুধবার, ২২ জুন তারা নৌকা-ট্রলারযোগে শুকনো খাবার, সুপেয় পানি আর নগদ টাকা নিয়ে হাজির হলেন দুর্গতদের দোরগোড়ায়। জানান, তারা এই কাজটি করছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ব্যানারে।
রিয়াজ জানান, বুধবার সকাল থেকে গোয়াইন ঘাট, লক্ষীনগর, মেওয়ার কান্তি এলাকায় ২৫০০ পরিবারের হাতে খাবার, পানি ও নগদ টাকা তুলে দিয়েছেন।
সমিতির সহ সাধারণ সম্পাদক সাইমন সাদিক তিনি বলেন, ‘সবাই মিলে বানভাসিদের পাশে থাকার বিকল্প নেই এখন। আমরা এসেছি আমাদের মতো করে। আহ্বান করবো, আপনারা যার যেমন সাধ্য আছে এই অসহায় মানুষগুলোর পাশে একটু দাঁড়ান।’
নিপুণ বলেন, ‘এই বিপদের দিনে মনে হয়েছে তাদের পাশে থাকা দরকার। তাই চলে এসেছি। এখানে আমরা আড়াই হাজার পরিবারকে ত্রাণ ও নগদ টাকা দিচ্ছি শিল্পী সমিতির পক্ষ থেকে।’





