বাবা—দুই অক্ষরের ছোট্ট এক শব্দ। অথচ মানুষের জীবনে এই ছোট্ট শব্দটির প্রভাব কত ব্যাপক! আজ বাবা দিবস। এ দিনে সন্তানেরা বাবাকে স্মরণ করছেন নানাভাবে।
বাবা দিবসে তারকারাও জানিয়েছেন বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। দেশীয় টেলিভিশনের তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী জানালেন বাবাকে নিয়ে তাঁর আবেগ-অনুভূতির কথা।
মেহজাবীন চৌধুরী বলেন, ‘আব্বুর আচরণ আর মানসিকতার প্রভাবে আমরা ভাইবোনেরা খুব ইকুয়ালি বড় হয়েছি। আমাদের পরিবারে একটা জিনিস নেই সেটা হলো, জেলাসি চর্চা। আমরা সবাই খুব প্র্যাকটিক্যালি বড় হয়েছি। যার জন্য সবাই বয়সের চেয়ে একটু বেশি ম্যাচিউর।
আমরা প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে আনন্দ, দুঃখ শেয়ার করতে পছন্দ করি। খুব ভালো বোঝাপড়া আমাদের আছে। এই শিক্ষাটা আমাদের মধ্যে ভালোভাবেই এসেছে।
আমি খুব অল্প বয়সে শোবিজে কাজ শুরু করি। তখন আমি ও লেভেল-এর স্টুডেন্ট। ওই বয়সে আমাদের দেশের মেয়েদেরকে এতটা সুযোগ, এতট স্বাধীনতা আসলে এখন পর্যন্তও দেওয়া হয় না। সেক্ষেত্রে আমার আব্বু আমাকে অনেক সুযোগ দিয়েছেন।
আব্বু খুব সরল মনের মানুষ। মাঝে মধ্যে বলি, এত সরল হলে এখনকার দিনে চলা যায় না। এটা হয়তোবা বলার সময় বলে ফেলি কিন্তু আমি মনে করি এটাই আব্বুর সবচেয়ে বড় গুণ। আমার ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে আত্মীয়-স্বজন যারাই আব্বুকে কাছ থেকে দেখেছেন তারাই বলেন, তোমার আব্বু খুব সরল মানুষ। এই কথাগুলো শুনতে ভালো লাগে।
আব্বুর কাজকর্ম ও চিন্তা-ভাবনার মধ্যে এত বেশি সিম্পিলিসিটি এই জিনিসটাই খুব ভালো লাগে। মানুষকে তার মতো করে চলতে দেওয়ার দারুণ মানসিকতা রয়েছে আব্বুর।
