সর্বোচ্চটুকু দিয়ে মানুষের পাশে দাঁড়াতে চাই: সেনাপ্রধান

সিলেট: সিলেট অঞ্চলে যা হয়েছে, এমন দুর্যোগ আসতে পারে, সেটি ভাবনার অতীত ছিল বলে মনে করেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। তবে নিজেদের সর্বোচ্চটা দিয়ে সেনাবাহিনী দুর্গতদের পাশে থাকবে বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘এটা অভাবনীয় বিপর্যয়। রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। আমরা দুর্গত মানুষের সহায়তায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

রোববার সিলেটে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন সেনাপ্রধান। তিনি বলেন, ‘মানুষের দুর্ভোগের শিকার হচ্ছে। তাদের সহায়তায় সেনা সদস্যরা কী পরিমাণ কষ্ট করছে তা নিজে দেখতে এসেছি।’

সিলেটের কোম্পানীগঞ্জের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন সেনাপ্রধান। পরে উপজেলার বঙ্গবন্ধু হাইটেক পার্কে ত্রাণ বিতরণ করেন তিনি।

সাংবাদিকদেরকে তিনি বলেন, ‌‘সেনাবাহিনী এর চেয়ে ভালো কাজ করতে পারত কি না-আমরা এই আলোচনা যেতে চাই না। আমাদের সর্বোচ্চটুকু দিয়ে মানুষের পাশে দাঁড়াতে চাই। তবে বৈরী আবাহওয়া, প্রবল স্রোত, টানা বৃষ্টি, নেটওয়ার্কহীনতা সত্ত্বেও সেনা সদস্যরা বন্যা কবলিতদের সহায়তায় কাজ করে যাচ্ছে।’

সেনাবাহিনী প্রধান বলেন, ‘আমাদের বাহিনীর লোকজন দুর্গম এলাকায় গিয়ে পানিবন্দি মানুষকে উদ্ধার করছে। তাদের মাঝে খাবার, চিকিৎসা সামগ্রী বিতরণ করছে। আমরা সিলেট, ময়মনসিংহ, সাভার, ঢাকা থেকে ফোর্স পাঠাচ্ছি। খাদ্য ও প্রয়োজনীয় নানা সামগ্রী আমাদের এখান থেকে পাঠাচ্ছি।’

তিনি বলেন, ‘বন্যা দুই দিনে চলে যাবে এমন লক্ষণ নেই। হয়তো একটু সময় লাগবে। বন্যা চলে গেলেও অনেক বড় ক্ষতি আমাদের মাঝে রেখে যাবে। বন্যা পরবর্তী সময়ে আমাদের অনেক কাজ আছে। এ বিষয়ে প্রস্তুতি নিচ্ছি।’

সেনা সদস্যদের সর্বাত্মকভাবে ত্যাগের মনোভাব নিয়ে কাজ করতে হবে জানিয়ে তিনি বলেন, ‘আমরা সরকার এবং জনগণের প্রত্যাশা পূরণে যা যা করার কববো। বন্যার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়েছি। তার সহযোগিতা পাচ্ছি। সেনাবাহিনী তার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখবে।’

তিনি জানান, ‘বন্যায় আটকে পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীকে আজ উদ্ধার করা হয়েছে। অনেক দুর্গম এলাকা থেকে লোকজনকে উদ্ধার করা হচ্ছে। স্রোত, বৃষ্টিসহ নানা প্রতিকূলতা মোকাবিলা করে কাজ করা হচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *