স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছেন সুনামগঞ্জবাসী। মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে ভারী বর্ষণ ও উজানের ঢলে সদর, ছাতক, দোয়ারাবাজার, তাহিরপুর, বিশ্বম্ভপুরে হাজার হাজার বসত ঘরে বানের পানি ঢুকে পড়েছে। ছাতক ও সুনামগঞ্জ শহরের শতশত বসত ঘরের নিচতলা কোমর পানিতে ডুবে আছে।
বানভাসী মানুষ জানমাল রক্ষায় আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্ত উজানের ঢল ও দিনভর ভারী বৃষ্টিপাতের ফলে হু হু করে পানি ঢুকছে বসত ঘরে। সাংসারিক জিনিসপত্র চৌকি খাটের উপরে তুলে রেখেও শেষ রক্ষা করতে পারছেন না।
একইসঙ্গে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় সুনামগঞ্জের সঙ্গে যোগাযোগের শেষ ভরসাস্থল জগন্নাথপুর ফেরি চলাচল বন্ধ। এতে সুনামগঞ্জের সঙ্গে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন।
হঠাৎ এমন ভয়াবহ বন্যায় সুনামগঞ্জের স্মৃতি ভীষণ পীড়া দিচ্ছে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক সিয়ামকে।
স্মৃতিচারণ করে ফেসবুকে সিয়াম জানিয়েছেন, ‘আমার এখনও মনে আছে টাঙ্গুয়ার হাওরের সে জলরাশি, সে ট্রলারের কথা। বন্ধুদের নিয়ে গিয়েছিলাম হাওর দেখতে। সুনামগঞ্জের মানুষের আতিথেয়তা ও ভালোবাসা মুগ্ধ করেছিল যেন হাওরের চেয়েও বেশি। সে সুনামগঞ্জ আজ কাঁদছে। বন্যায় ডুবে গেছে সুনামগঞ্জের ৯০% ঘরবাড়ি। আমরা সুউচ্চ দালানে বসে ওয়েদার ডিমান্ড, ঝর ঝর মুখর বাদল দিনে যখন লিখছি তখন সুনামগঞ্জ, সিলেটের মানুষ লড়াই করছেন বন্যার সাথে।’
বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসতে নায়কের আহ্বান, ‘সবাই মিলে চলুন এখনই পাশে দাঁড়াই, সাহায্যের হাত বাড়িয়ে দেই সুনামগঞ্জ ও সিলেটবাসীর জন্য। সরকারের প্রতি বিনীত অনুরোধ জানাই আশু পদক্ষেপ গ্রহণ করার। প্রাকৃতিক এই দুর্যোগে যেন একটি প্রাণও না হারায়। জলের স্রোতে না ভেসে যাক একটি স্বপ্নও।’
