রোমান্টিক কি তা আমি আগে বুঝতাম না: অপু বিশ্বাস

অপু বিশ্বাস; এক নামেই দেশজুড়ে পরিচিত। ভক্তদের কাছে তিনি ঢালিউড কুইন। গত দেড় দশকে তার মতো জনপ্রিয়তা দেশের কোনো নায়িকা পাননি। শতাধিক সিনেমায় কাজ করেছেন অপু। যার মধ্যে সিংহভাগই সফল।

নায়িকা হিসেবে জনপ্রিয়তার ছোঁয়া পাওয়ায় কখনো কখনো সোশ্যাল মিডিয়ায় ট্রলের শিকারও হতে হয় তাকে। যদিও এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই তার। বরং ট্রলের বিষয়টি এনজয় করেন অপু বিশ্বাস।

সোশ্যাল মিডিয়ায় ট্রল করার বিষয়ে সম্প্রতি সংবাদমাধ্যমকে এই অভিনেত্রী বলেন, ট্রল আমাকে নিয়েই করবে। এটা তাকে নিয়েই করা হয়, যাকে মানুষ চিনে। আমার পরিবারের কোনো সদস্য বা অন্য কাউকে নিয়ে ট্রল করা হলে তা সেভাবে দেখা হবে না। হয়তো গুটি কয়েকজনের মধ্যে সীমাবদ্ধ থাকবে।

এই নায়িকা বলেন, আমার কাছে মনে হয়— যারা অনেক বেশি ভালো কাজ করছে তাদের নিয়ে ট্রল হয়। আর এটা আমি এনজয় করি। এই ট্রলের মধ্য দিয়ে যদি আমার কোনো ভুল থাকে তা সংশোধন করার চেষ্টা করি আমি। এছাড়া যারা আমাকে নিয়ে নেগেটিভ লেখালেখি করে তাদেরও ধন্যবাদ জানাই। কেননা, তারা নেগেটিভ না লিখলে আমি পজিটিভ কিছু খুঁজে পেতাম না।

প্রয়াত কিংবদন্তি নায়ক রাজ্জাকের বিষয়ে এই চিত্রনায়িকা বলেন, আংকেল (রাজ্জাক) বলতেন, চিত্রনায়িকা মানে (অর্থ) তুমি জানো, আমরা সাদা-কালো স্ক্রিনে কাজ করেছি। তুমি খুব বেশি মেকআপ নেবে না। আংকেলের কাছ থেকে আমি কিছু কিছু টিপস নেতাম। তাকে বলতাম, আংকেল আমি মেকআপ নেব না তা আপনি জানতেন কি করে? তিনি বলতেন, আমি শুধু নায়ক না, নায়িকাদের সৌন্দর্যও ফলো করি।

অপু বিশ্বাস আরও বলেন, আংকেল খুব শেখাতেন। মেকআপ ও অভিনয় সব বিষয়ে পরামর্শ দিতেন। আমি আগে রোমান্টিক কি তা বুঝতাম না। এই অ্যাক্টিংয়ের ডায়ালগ কিভাবে ডেলিভারি দিতে হয় তা জানতাম না। তিনি আমাকে বুঝিয়েছেন। আসলে তিনি আংকেল তো ছিলেন না, বাবা ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *