সেলিম খানকে আওয়ামী লীগ থেকে আজীবন বহিষ্কার

চাঁদপুর: চাঁদপুরের আলোচিত সেলিম চেয়ারম্যানকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (০৪ জুন) দুপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের শৃঙ্খলা ভঙ্গ, গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপ, দলের দুর্নামসহ বিভিন্ন অভিযোগে তাকে বহিষ্কার করা হয়।

শনিবার জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত হয় বলে নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।

সেলিম খান চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া তিনি ওই ইউনিয়নের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল জানান, শনিবার অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত হয়। এতে সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাথে পরামর্শক্রমে ১০নং মডেল লক্ষ্মীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সেলিম খানকে বহিষ্কার করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।

তিনি বলেন, সেলিম খানের দুর্নীতি, দলের মধ্যে বিভেদ সৃষ্টি করাসহ বিভিন্ন কর্মকাণ্ডের কারণে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ছাড়া দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হাইমচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নূর হোসেন পাটোয়ারীকে শোকজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চাঁদপুরে মেঘনা নদী থেকে সেলিম খান কর্তৃক দীর্ঘদিন যাবত অবাধে বালু উত্তোলন এবং পরবর্তীতে উচ্চ আদালতের নির্দেশে বন্ধ হয়। এছাড়া লক্ষ্মীপুর ইউনিয়নে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণের মূল্য নিয়ে সেলিম খান কর্তৃক একটি মামলা উচ্চ আদালতে চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *