জোর করে সম্পর্ক চাপিয়ে দিলে কী করব: মিথিলা প্রসঙ্গে জন কবির

জন কবির ও রাফিয়াথ রশীদ মিথিলা। দুজনের পরিচয় তাহসানের মাধ্যমে। তাহসানের সঙ্গে মিথিলার সংসার ভেঙে গেলেও এখনো খুব ভালো বন্ধু জন-মিথিলা। দুজনই সংগীত অনুরাগী। আবার অভিনয়ে নাম লিখিয়ে সুনামও কুড়িয়েছেন এ জুটি। দুজনকে একসঙ্গে একাধিক নাটকেও দেখা গেছে। এ জুটিকে নিয়ে প্রেমের গুঞ্জনও বাতাসে উড়েছে। তবে সব গুঞ্জন মিথ্যা প্রমাণ করে পরিচালক সৃজিতের সঙ্গে সংসার বেঁধেছেন মিথিলা।

জন-মিথিলার প্রেমের জোর গুঞ্জন বেশ আগে চাউর হয়েছিল। মিথিলা নতুন করে সংসার করছেন। কিন্তু এখনো এ জুটির প্রেম নিয়ে হাওয়ায় ভেসে বেড়ায় নানা গল্প। এবার এ বিষয়ে মুখ খুললেন জন কবির। কয়েক দিন আগে বিবিসর সঙ্গে আলাপকালে বিষয়টি নিয়ে কথা বলেন এই সংগীতশিল্পী।

জন জানিয়ে দিলেন, তাঁর ও মিথিলার মধ্যে বন্ধুত্বের সম্পর্ক। কোনওরকম কুৎসায় আমল দিতে নারাজ তিনি।

সাক্ষাৎকারে গোটা বিষয়টিকেই “গল্প” বলে উল্লেখ করেন জন। তিনি জানিয়েছেন, মিথিলার সঙ্গে তাঁর নিখাঁদ বন্ধুত্বের সম্পর্ক। জনের কথায়, “আমাদের মধ্যে কেমন সম্পর্ক তা আমার বাবা-মাও জানেন। যদিও আব্বু তো এখন নেই। অনেকেই আছেন যাঁরা আমাদের মধ্যে ভালো বন্ধুত্ব আছে তা জানেন না। ফলত এই রকম নানা গসিপ বা গল্প ছড়িয়ে মজা পান। আমার মা এই রকম গুঞ্জন শুনে খুবই অবাক হয়েছিলেন। আমি আমার মাকে বুঝিয়ে বলেছি সবটা। কেউ যদি এই সব কথা বলে মজা পান তাহলে আমার কিছু আসে যায় না।”

তিনি জানান, মিথিলার সঙ্গে তাঁর পরিচয় এবং বন্ধুত্ব গড়ে উঠেছিল তাহসানের মাধ্যমে। তিনি বলেন, “এখন সোশ্যাল মিডিয়া, স্মার্টফোনের যুগ। কেউ যদি জোর করে কারও উপর কোনও সম্পর্ক চাপিয়ে দেয় তাহলে তো কিছু বলার নেই! আমরা দু’জন খুব ভালো বন্ধু। আর এই বন্ধুত্ব হয় তাহসানের মাধ্যমে। বর্তমানে আমরা নিজেদের মত জীবন যাপন করছি। কেউ আমাদের নিয়ে ভেবে মজা পেলে কী বলতে পারি?”

উল্লেখ্য, ২০০৬ সালে রাফিয়াত রশিদ মিথিলা বিয়ে করেছিলেন জনপ্রিয় সংগীত শিল্পী তাহসানকে। ২০১৭ সালে, মিথিলা ও তাহসানের মধ্যে ডিভোর্স হয়। ২০১৯ সালে মিথিলা বিয়ে করেন সৃজিত মুখোপাধ্যায়কে।

এদিকে জন কবির আগে যুক্ত ছিলেন ‘ব্ল্যাক’ ব্যান্ডের সঙ্গে। পরে ওই ব্ল্যাক ছেড়ে ‘ইন্দালো’ নামের অন্য ব্যান্ডের সঙ্গে যুক্ত হন তিনি। কেন ‘ব্ল্যাক’ ছেড়েছিলেন এদিন তাও জানান জন। তিনি জানান, তাহসান ও টনির সঙ্গে মতবিরোধের জেরে ব্যান্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *