লন্ডন গিয়ে আফসোসে পুড়ছেন তাসনিয়া ফারিণ

বাংলা নাটকে দারুণ অবস্থান তৈরি করে নিয়েছেন তাসনিয়া ফারিণ। দক্ষ অভিনয়ের সুবাদে ওয়েব প্ল্যাটফর্মেও অভিষেক হয়েছে তার।

সম্প্রতি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২১’-এর ২৩তম আসরে তিনি স্বল্পদৈর্ঘ্যের কাহিনিচিত্র বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন। ক্যারিয়ারে প্রথমবার কোনো বড় পুরস্কারের জন্য তিনি মনোনয়ন পেয়েছিলেন এবং প্রথম মনোনয়নেই জিতলেন পুরস্কার।

ওটিটি প্ল্যাটফর্ম চরকির স্বল্পদৈর্ঘ্য কাহিনিচিত্র ‘তিথির অসুখ’-এ অভিনয়ের জন্য পুরস্কারটি পেয়েছেন ফারিণ। তবুও আফসোসে পুড়ছেন অভিনেত্রী। এই পুরস্কারপ্রাপ্তিতে তিনি খুশি, সেই সঙ্গে আফসোসও করছেন। ফারিণ বর্তমানে তার প্রথম সিনেমার কাজে যুক্তরাজ্যের লন্ডনে রয়েছেন। সেখান থেকেই দেশের গণমাধ্যমকে জানালেন তার খুশি ও আফসোসের কথা।

ফারিণের কথায়, ‘পুরস্কার পেয়ে যেমন খুশি লেগেছে, তেমন আফসোসও হয়েছে। আফসোস হওয়ার কারণ, গুণী মানুষের হাত থেকে হলভর্তি মানুষের সামনে নিজ হাতে পুরস্কারটা নিতে পারলাম না। এটি একটি সুন্দর ছবির ফ্রেমও হতে পারতো। কিন্তু হলো না। আফসোস।’

ফারিণ আরও জানান, পুরস্কার পাওয়ার পর অভিনয়শিল্পী শবনম ফারিয়া, তৌসিফ, জোভান, সংগীতশিল্পী ইমরান, পরিচালক শিহাব শাহিনসহ তার অনেক সহকর্মীরা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। অভিনেত্রী জানান, আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে তার দেশে ফেরার কথা আছে। এরপর এই পুরস্কার প্রাপ্তি উদযাপন করবেন।

এই অভিনেত্রী বর্তমানে যুক্তরাজ্যে যে ছবিটির শুটিংয়ে ব্যস্ত, সেটি পুরোপুরি ভারতীয়। অর্থাৎ, ভিনদেশি ছবি দিয়ে ফারিণের চলচ্চিত্র যাত্রা শুরু হচ্ছে। নাম ‘আরও এক পৃথিবী’। এটি পরিচালনা করছেন অতনু ঘোষ। এই পরিচালকের নির্দেশনায় ‘বিনিসুতোয়’ এবং ‘রবিবার’ নামে দুটি ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশের আরেক অভিনেত্রী জয়া আহসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *