সব ব্যস্ততাকে ছুটি দিয়ে চিত্রনায়িকা বিপাশা কবির এখন থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক ভ্রমণে গিয়েছেন। দেশটিতে যাওয়ার আগে জানিয়েছিলেন, এবারের জন্মদিনটা স্মরণীয় করে রাখতেই তার এই যাত্রা। তাও আবার ২/৪ দিন নয় টানা ১০ দিন সেখানে থাকবেন। আর তার সঙ্গী এক বান্ধবী।
বিপাশা ভ্রমণটা কত উপভোগ করছেন তার আর বলার অপেক্ষা রাখে না। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একের পর এক ছবি দিচ্ছেন।
ছবিগুলোতে দেখা গেছে, সমুদ্রের কাছাকাছি গিয়ে দু-হাত ছড়িয়ে দাঁড়িয়ে আছেন, কখনো রেস্তরাঁয় বসে আছে, কখনো রাস্তায় হাঁটাহাঁটি করছেন কখনো বা রিসোর্টের মনোরম লোকেশনে আছেন। ছবিগুলোতে তার অনুসারীদের নানা মন্তব্যেরও উত্তর দিয়েছেন সেখান থেকে। সবমিলিয়ে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন বিপাশা।
এই নায়িকা বলেন, সময়টা খুব উপভোগ করছি সত্যি বলতে। থাইল্যান্ড এত সুন্দর একটা দেশ। সব ক্লান্তি যেন দূর হয়ে যায় এখানে আসলে।
এদিকে, বিপাশা কবির অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা হচ্ছে আকাশ আচার্য্য পরিচালিত ‘পরানে পরান বান্ধিয়া’। সামনে মুক্তির অপেক্ষায় আছে তার তিন তিনটি সিনেমা। সিনেমাগুলো হলো- ‘যার নয়নে যারে লাগে ভালো’, ‘জেদী মেয়ে’ ও ‘সোলমেট’।
এ ছাড়া ব্যাংকক থেকে ফিরে একটা ওয়েব সিরিজের শুটিংয়ে অংশ নেয়ার কথা আছে তার।
