এবার বুবলীর সঙ্গী নবাগত সাজ্জাদ

ঢালিউডে শবনম বুবলীর শুরুটা হয় শাকিব খানের হাত ধরে। একটানা ১০টি ছবিতে অভিনয় করে পরিচিতি পান বুবলী। শাকিবের সঙ্গে জুটি ভেঙে যাওয়ার পর অন্য নায়কদের সঙ্গে অভিনয় শুরু করেন।

শুরুটা হয়েছিল নিরবকে দিয়ে। এরপর একে একে অভিনয় করেন জিয়াউল রোশান, আজাদ আদর, শরীফুল রাজের সঙ্গে। এবার তিনি অভিনয় করছেন নবাগত সাজ্জাদ হোসেনের সঙ্গে।

‘প্রেম পুরান’ নামে নতুন একটি ছবিতে কাজ করছেন তাঁরা। ত্রিভুজ প্রেমের এই ছবিতে বুবলীর আরেক নায়ক জিয়াউল রোশান। যৌথভাবে ছবিটি পরিচালনা করছেন হাসান সিকদার ও মাসুদ মহিউদ্দিন। এই সিনেমা প্রযোজনা করছেন বেঙ্গল মাল্টিমিডিয়া।

চ্যানেল আইয়ের আলোচিত রিয়েলিটি শো ‘কে হবে মাসুদ রানা’র প্রথম রানার আপ হয়ে পরিচিত পেয়েছিলেন সাজ্জাদ হোসেন। যিনি এবার বুবলীর নতুন সিনেমার নায়ক।

শুক্রবার (২১ মে) বরিশালের বরগুনায় মহরতের মাধ্যমে শুরু হয়েছে সিনেমার শুটিং। প্রথম দিন থেকে শুটিংয়ে অংশ নিয়েছেন সাজ্জাদ হোসেন ও বুবলী। দ্বিতীয় লটের শুটিংয়ে ‘প্রেম পুরান’ ইউনিটের সঙ্গে যুক্ত হবেন রোশান।

সাজ্জাদ বলেন, ‘সিনেমাটিতে আমার চরিত্রে টুইস্ট আছে। আমার মনে হয়েছে, এই চরিত্রে সুন্দরভাবে নিজেকে মেলে ধরতে পারব। অনেক সুন্দর একটি গল্প। ফোক রোমান্টিক ধাচের গল্পে ফাইট আছে। আশা করছি ভালো কিছু উপহার দিতে পারব।’

সহশিল্পী হিসেবে বুবলীকে গ্রেট-অভিনেত্রী বললেন সাজ্জাদ। তার কথায়, ‘বুবলীর সঙ্গে প্রথম কাজ করছি। অনেক ভালো মানের একজন আর্টিস্ট তিনি। কাজ করে মনে হয়েছে উনি অনেক গুণী ও ভালো একজন মানুষ।’

সম্প্রতি সাজ্জাদ শেষ করেছেন জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘মোনা’ সিনেমার কাজ। এটি পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান। এছাড়া, আসন্ন কোরবানির ঈদে ওটিটি প্লাটফর্ম আই থিয়েটারে মুক্তি পেতে যাচ্ছে সাজ্জাদ অভিনীত ‘নেটওয়ার্ক’ ওয়েব সিরিজটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *