এবারের ঈদে মুক্তি পেয়েছে হালের ক্রেজ অভিনেতা সিয়াম আহমেদ অভিনীত ‘শান’ সিনেমা। করোনার দুই বছর পর সিনেমাটির মাধ্যমে দর্শকরা হলমুখী হয়েছেন।
এদিকে সিনেমাটির উত্তেজনার রেশ শেষ না হতেই শুক্রবার (২০ মে) দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার অভিনীত আরেকটি সিনেমা ‘পাপ পুণ্য’।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন চিত্রনায়ক সিয়াম আহমেদ ও অভিনেত্রী শাহনাজ সুমী। সেখানে সিনেমার নানা বিষয়ে কথা বলেছেন তারা।
সিয়াম আহমেদ বলেন, আমাদের এটা নিয়ে ভয় ছিল যে, এতদিন পরে দর্শক সিনেমা হলে আসবেন-কি আসবেন না। কিন্তু আনন্দের কথা হচ্ছে অনেকে ব্যাক করেছেন। আবার অনেক নতুন দর্শকও পেয়েছি। যেটা আমাদের প্রজন্ম থেকে পেয়েছি এবং জুনিয়রদের থেকেও পেয়েছি। এমনকি পারিবারিক দর্শকও পেয়েছি।
এখনো বাংলা সিনেমার দর্শক আছে এবং ভালো সিনেমা হলে দর্শক হলে আসে— অনুষ্ঠানে সঞ্চালকের এ কথায় সিয়াম আহমেদ বলেন, আমি তো তাই বিশ্বাস করতে চাই। ‘পাপ পুণ্য’ সিনেমার জন্য সে কথাই বিশ্বাস করতে চাই। ভালো জিনিসের, ভালো কাজের…! ভালো তো অনেক আপেক্ষিক ব্যাপার, একেক জনের কাছে একেকটা ভালো লাগতে পারে। তবে কনটেন্টের একটা দাম থাকতে হয়। যা আমরা মৌলিক গল্প, দেশের গল্প যখনই বলার চেষ্টা করি তখন দর্শক কিছুটা হলেও সেটা গ্রহণ করে।
‘পাপ পুণ্য’ সিনেমায় অভিনয় করেছেন অভিনেত্রী শাহনাজ সুমী। অনুষ্ঠানে সঞ্চালক সিনেমাটি সম্পর্কে তার কাছে জানতে চাইলে বলেন, আমি তো সিনেমাটি হলে গিয়ে দেখেছি। দর্শক হিসেবে ভালো লেগেছে। তবে অভিনেত্রী হিসেবে মনে হয়েছে আমার স্বপ্ন সত্যি হয়েছে।
তিনি নিজের অভিনীত প্রথম সিনেমায় সিয়াম আহমেদকে পেয়ে উচ্ছ্বসিত হয়ে বলেন, আমার স্বপ্নের অভিনেতা চঞ্চল চৌধুরী, আর স্বপ্নের নায়ক সিয়াম। তার সঙ্গে (সিয়াম) ২০১৫ সালে প্রথম দেখা হয়েছিল আমার। তখন আমি মাত্র অভিনয় করা শুরু করি। এরপরই সিয়ামের ব্যক্তিত্বের প্রশংসা করেন অভিনেত্রী সুমী।
‘পাপ পুণ্য’ সিনেমাটিতে চার প্রজন্মের শিল্পীরা কাজ করেছেন। আফসানা মিমি ৯০ দশকের, চঞ্চল চৌধুরী দুই হাজার দশকের, সিয়াম ২০১০ সালের আর শাহনুজ সুমী ২০২০ সালের। প্রজন্মের বিষয়টি উঠতেই সিয়াম-সুমী একসঙ্গে বলেন, তাহলে পাঁচ প্রজন্ম রয়েছে। সিনেমাটিতে গুণী অভিনেতা মামুনুর রশিদ রয়েছেন। তিনি অনেক আগের সময়ের অভিনেতা।
