অবশেষে প্রকাশ পেল ‘মুজিব’ সিনেমার ট্রেলার

অবশেষে প্রকাশিত হলো বহুল প্রতীক্ষিত ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমার ট্রেলার।

গতকাল বৃহস্পতিবার (১৯ মে) রাত ১০টায় প্রকাশিত ১ মিনিট ৩০ সেকেন্ডের ট্রেলারে উঠে এসেছে বঙ্গবন্ধুর পুরো জীবনের এক ঝলক। ‘মুজিব’ বায়োপিকের ট্রেলারটি ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে উন্মুক্ত করা হয়েছে।

ফ্রান্সে ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। ভারতের তথ্য ও সম্প্রচার এবং যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং ঠাকুর।

ট্রেলারে খণ্ড খণ্ড করে উঠে এসেছে বঙ্গবন্ধুর রাজনীতি, পরিবার, মুক্তিযুদ্ধ ও যুদ্ধ-পরবর্তী সময়কাল। ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, স্বাধীনতার ঘোষণা- সবই এসেছে ট্রেলারে।

পাশাপাশি দেখা গেছে মুক্তিযুদ্ধের সময়ে গুরুত্বপূর্ণ নেতাদের। ট্রেলার শেষ হয়েছে নুসরাত ইমরোজ তিশার কণ্ঠে ‘জয় বাংলা’ ভাষণ দিয়ে।

ট্রেলারের উদ্বোধনী অনুষ্ঠানে হাছান মাহমুদ বলেন, ‘চলচ্চিত্রটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, জাতির জন্য সংগ্রাম থেকে বিজয় ও পরম আত্মত্যাগের চিত্র ফুটে উঠেছে।

‘বঙ্গবন্ধু, মহাত্মা গান্ধী, মার্টিন লুথার কিং, নেলসন ম্যান্ডেলার মতো মহান মানুষদের জীবনী একটি চলচ্চিত্রে ফুটিয়ে তোলা দুরূহ হলেও বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমা বঙ্গবন্ধুর চেতনাকে যুগে যুগে জাগ্রত রাখবে এবং মানবতার জন্য আত্মনিবেদনে প্রেরণা যোগাবে।’

অনুরাগ সিং ঠাকুর তার বক্তব্যে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে বঙ্গবন্ধুর জীবনচিত্র নির্মাণের এ কাজকে তাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বলে বর্ণনা করেন।

ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহা, ভারতের রাষ্ট্রদূত জাভেদ আশরাফ, ভারতের তথ্য ও সম্প্রচার সচিব অপূর্ব চন্দ্র, বায়োপিকের পরিচালক শ্যাম বেনেগাল, নির্বাহী প্রযোজক এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন, বঙ্গবন্ধুর চরিত্রাভিনেতা আরেফিন শুভ, বঙ্গমাতার চরিত্রাভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, চিত্রনাট্যকার অতুল তিওয়ারি ও শামা জায়েদি, বাংলাদেশ অংশের কাস্টিং পরিচালক বাহার উদ্দিন খেলনসহ দুই দেশের অভিনয় শিল্পীরা ও চলচ্চিত্র সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *