৬০ বছরে বয়সে আবার বিয়ের পিঁড়িতে সাবেক এমপি বাবু

৬০ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসলেন হবিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। রোববার তার এই বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। একাকিত্বের ইতি টানতেই বিয়ে করেছেন বলে জানিয়েছেন তিনি।

জানা যায়, এমপি জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এম এ মুনিম চৌধুরী বাবু এক ছেলে ও এক কন্যা সন্তানের জনক। প্রথম স্ত্রী ও বিবাহিত দুই ছেলে-মেয়ে যুক্তরাজ্যে বসবাস করে আসছেন।

নবীগঞ্জ উপজেলার কুর্শি গ্রামের মৃত আব্দুল ওয়াদুদ চৌধুরীর বড় ছেলে এম এ মুনিম চৌধুরী বাবু ২০১৪ সালে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হবিগঞ্জ-১ আসনের এমপি নির্বাচিত হয়েছিলেন।

এমপি থাকাকালে পরিচয় হয় একই উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল মোকামপাড়া গ্রামের কনা মিয়ার মেয়ে তৎকালীন কলেজছাত্রী তানিয়া আক্তারের সঙ্গে। দীর্ঘ কয়েক বছরের পরিচয়ের সূত্র ধরে রোববার (১৫ মে) পারিবারিকভাবে তাদের বিয়ের আয়োজন করা হয়।

রোববার বিয়ের দিন নিজ গ্রাম কুর্শি থেকে মুনিম চৌধুরী বাবু বিশাল গাড়ি বহর নিয়ে আউশকান্দির রহমান কমিউনিটি সেন্টারে কনে তানিয়া আক্তারকে আনতে যান। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, আত্মীয়-স্বজন বিয়েতে অংশ নেন। বিয়ের অনুষ্ঠানিকতা শেষে কনে নিয়ে বাড়ি ফেরেন মুনিম চৌধুরী বাবু।

এদিকে সাবেক এমপি মুনিম চৌধুরী বাবুর বিয়ের ছবি ফেসবুকে ভাইরাল হয়ে পড়েছে। এ প্রসঙ্গে মুনিম চৌধুরী বাবু বলেন, আমার প্রথম স্ত্রী, দুই সন্তান যুক্তরাজ্যে বসবাস করেন, দেশে আসেন না। বাংলাদেশে আমি একাকী জীবন অতিবাহিত করছিলাম। একাকিত্ব কাটাতেই মূলত পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *