হাসপাতাল থেকেই মুক্তি পাবেন সম্রাট

ঢাকা: দীর্ঘ আইনি লড়াই শেষে অবশেষে কারামুক্ত হতে যাচ্ছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট। চার মামলায় জামিন হওয়ায় তার কারামুক্তিতে আর কোনো বাধা নেই।

বুধবার (১১ মে) ঢাকার বিশেষ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানের আদালত দুদকের দায়ের করা অবৈধ সম্পদের মামলায় জামিনের আদেশ দেন।

যে তিন শর্তে সম্রাট জামিন পান তা হলো- অসুস্থতা বিবেচনায়, আদালতের অনুমতি ছাড়া বিদেশে না যাওয়ার শর্তে এবং প্রতিটি ধার্য তারিখে হাজিরা দিতে হবে। সম্রাটের আইনজীবী মাহবুবুল আলম দুলাল এ তিন শর্তের কথা জানান।

এদিন, সম্রাটের পক্ষে জামিন শুনানি করেন মাহবুবুল আলম দুলাল, হাবিবুর রহমানসহ প্রমুখ আইনজীবী। দুদকের পক্ষে প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত ১০ হাজার টাকা মুচলেকায় তার জামিনের আদেশ দেন। এদিন সম্রাটকে আদালতে হাজির করা হয়।

জানা যায়, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় জামিনপ্রাপ্ত ইসমাইল চৌধুরী সম্রাট শারীরিক অসুস্থতার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন।

জামিনের কাগজপত্র কারাগার থেকে বিএসএমএমইউ’তে পৌঁছালে তিনি সেখান থেকেই মুক্তি পাবেন বলে জানিয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ।

বুধবার (১১ মে) দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শারীরিক অসুস্থতার কারণে অনেক আগে থেকেই চিকিৎসকদের পরামর্শে বিএসএমএমইউয়ের ডি-ব্লকের সিসিইউতে আছেন সম্রাট। সেখানে পুলিশের পাশাপাশি কারারক্ষীদের প্রহরায় আছেন তিনি। জামিনের কাগজপত্র কারাগারে এলে নিয়ম অনুযায়ী হাসপাতাল থেকে তাকে মুক্তি দেওয়া হবে।

তিনি আরও জানান, সম্রাটের চারটি মামলার মধ্যে তিনটি জামিনের কাগজপত্র তারা অনেক আগেই পেয়েছেন। আজকে আরেকটি মামলার জামিনের কাগজপত্র এখনো কারাগারে এসে পৌঁছায়নি। তবে, আজকে সম্রাটের সর্বশেষ মামলার জামিন হয়েছে, সেটি তারা শুনেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *