প্রেমিক আদনানের জন্মদিনে ফেসবুকে যা বললেন মেহজাবীন

বাংলাদেশের নাট্যজগতে বর্তমান সময়ের শীর্ষ জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। গত কয়েক বছর ধরেই তিনি জনপ্রিয়তার তুঙ্গে রয়েছেন। তার অধিকাংশ কাজই এখন দর্শক সাদরে গ্রহণ করছে।

এদিকে ব্যক্তিজীবনে নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে এই অভিনেত্রীর দীর্ঘদিন ধরে মনের লেনাদেনা। যদিও তারা সরাসরি সম্পর্কের কথা কখনো স্বীকার করেননি। তবে মাঝেমধ্যেই ইঙ্গিতে বুঝিয়ে দেন ভালোবাসার উপাখ্যান।

আজ ১১ মে আদনান আল রাজীবের জন্মদিন। বিশেষ এই দিনে মেহু কি নীরব থাকবেন? তা তো হতে পারে না। প্রেমিককে ঠিকই শুভেচ্ছা জানিয়েছেন। আদনানের একটি ছবি শেয়ার করেছেন নিজের ফেসবুক অ্যাকাউন্টে।

যেখানে দেখা যায়, সমুদ্র তীরে দাঁড়িয়ে আছেন আদনান। তার পরনে গাঢ় সবুজ শার্ট, চোখে সানগ্লাস। কাঁধে রয়েছে একটি তারামাছ। পেছনে রক্তিম সূর্য ডুবে যাওয়ার পথে। যদিও ছবিতে আদনানের মুখ পুরোপুরি দেখা যাচ্ছে না। তবে ছবির মানুষটা যে আদনানই, তা বুঝতে বিন্দুমাত্র কষ্ট হচ্ছে না কারোর।

ছবির ক্যাপশনে মেহজাবীন লিখেছেন, ‘শুভ জন্মদিন আদনান। আরও আলোকিত হোক। সূর্য, সমুদ্র, তারা এবং তুমি।’

মেহুর পোস্টে আরও অনেকেই আদনান আল রাজীবকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। কেউ কেউ তাকে ‘দুলাভাই’ বলেও সম্বোধন করেছেন।

এর আগে গত ১৯ এপ্রিল ছিল মেহজাবীনের জন্মদিন। সেদিন তাকে বিশেষভাবে শুভেচ্ছা জানিয়েছিলেন আদনান। তিনি ফেসবুকে মেহুর সঙ্গে তোলা একটি ছবি দিয়ে লিখেছিলেন, ‘চমৎকার হৃদয়ের মানুষটিকে জন্মদিনের আনন্দমুখর শুভেচ্ছা। সবগুলো বছর ধরেই তুমি আমার শক্তি ও সাহস। ‍তুমি আমার জ্বলজ্বলে তারা।’

প্রসঙ্গত, মেহজাবীন ২০০৯ সালে একটি রিয়েলিটি শোয়ের প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়াতে পা রাখেন। এরপর নাটকে নিয়মিত অভিনয় করছেন। তবে তিনি এখনও কোনো চলচ্চিত্রে অভিনয় করেননি।

অন্যদিকে আদনান আল রাজীব দেশের তরুণ নির্মাতাদের মধ্যে অন্যতম। বিজ্ঞাপন, নাটকে নির্মাণের মুন্সিয়ানা দেখিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *