ঈদ করতে গত ২ মে কক্সবাজারে গেছেন ঢাকাই ছবির আলোচিত চিত্রনায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজ। বিয়ের পর এটাই তাদের প্রথম অবকাশ যাপন। তাই এ ভ্রমণকে হানিমুন বললেও ভুল হবে না।
কক্সবাজার যাওয়ার পর যেন সমুদ্রের মায়ায় ডুবেছেন রাজ-পরী। উত্তাল সমুদ্রের ঢেউয়ের তালে যেন বুনে নিচ্ছেন আরও কিছু স্বপ্ন। ভালোবাসা আর প্রকৃতির স্নিগ্ধতায় ঘেরা সেসব মুহূর্তের টুকরো অংশ শেয়ার করছেন ভক্তদের সঙ্গেও।
বুধবার (১১ মে) নতুন ফটোশুটের কয়েকটি ছবি আপলোড করেছেন নায়িকা। যেখানে দেখা যায়, সৈকতে থাকা একটি নৌকার পাশে দাঁড়িয়ে আছেন রাজ-পরী। দু’জনের গায়ে একই নকশার শার্ট। রাজ পরেছেন সাদা প্যান্ট, আর পরীর পরনে হলুদ শর্টস। একে-অপরকে প্রেমময় ভঙ্গিমায় জড়িয়ে আছেন।
ছবিগুলোর ক্যাপশনে পরীমণি লিখেছেন, ‘আমি ভাগ্যবান, জীবন কাটানোর জন্য উপযুক্ত সঙ্গী খুঁজে পেয়েছি।’ মাত্র দুই ঘণ্টায় পরীর এই পোস্টে ৭৩ হাজারের বেশি রিঅ্যাকশন পড়েছে। তবে কোনো মন্তব্য নেই। কারণ কমেন্ট বক্স নায়িকা নিজেই বন্ধ রেখেছেন।
এর আগে কয়েকদিন আগে কক্সবাজার থেকে পরীমণি প্রকাশ করেছিলেন তার বেবি বাম্পের প্রথম ছবি। এরপর মা দিবসে (৮ এপ্রিল) পরীমণি তার বেবি বাম্পের দ্বিতীয় ছবি প্রকাশ করেন। পরীর উন্মুক্ত বেবি বাম্পের ছবি ইতোমধ্যেই ভাইরাল হয়ে গেছে নেট দুনিয়ায়।
ছবিতে দেখা যায়, কক্সবাজার সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছেন তিনি। অনাবৃত বেবি বাম্পে হাত দিয়ে রেখেছেন। আর পেছন থেকে তাকে জড়িয়ে আছেন স্বামী শরিফুল রাজ।
ছবিটির ক্যাপশনে পরীমণি জানান, তিনি বর্তমানে গর্ভধারণের দ্বিতীয় ত্রৈমাসিক পর্যায়ে আছেন। সঙ্গে সবাইকে মা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। পরী ও রাজের স্নিগ্ধ এই ছবি দেখে মুগ্ধ সবাই। মুহূর্তেই এটি ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
উল্লেখ্য, গত ১০ জানুয়ারি (সোমবার) হঠাৎ অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন পরীমণি। একই সঙ্গে জানান, তরুণ অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেছেন তিনি। এর আগে, গেল বছরের ১৭ অক্টোবর গোপনে তারা বিয়ে করেন বলেন জানান এ নায়িকা। এরপর চলতি বছরের জানুয়ারিতে পারিবারিক আয়োজনে গাঁটছড়া বাঁধেন।
