রিকশাচালকের আসনে পলক, যাত্রী অমিতাভ রেজা!

হাসিমুখে রিকশাচালকের সিটে বসে আছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। পেছনে যাত্রীর আসনে একই আনন্দ নিয়ে বসে আছেন নির্মাতা অমিতাভ রেজা! রিকশার পাশেই দেখা গেলো নায়িকা নভেরাকে। তিনিও সম্ভবত উঠতে চান পলকের রিকশায়!

মজার এই ছবিটি গণমাধ্যমের কাছে এসেছে দূর যুক্তরাষ্ট্র থেকে। যেখানে ১৮ রাজ্যের ৫২টি শহরে প্রদর্শনী হচ্ছে বাংলাদেশের ইংরেজি ছবি ‘রিকশা গার্ল’। মূলত সেই লক্ষ্য নিয়ে রিকশা চালক পলকের এই অসাধারণ ছবিটির জন্ম।

মে মাসজুড়ে ‘রিকশা গার্ল’-এর প্রদর্শনী যেসব রাজ্যে অনুষ্ঠিত হবে, সেগুলো হচ্ছে- নিউ ইয়র্ক, নিউ জার্সি, ফিলাডেলফিয়া, টেক্সাস, ম্যাসাচুসেটস, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, ফ্লোরিডা, ওহাইও, ওকলাহোমা, লুইজিয়ানা, অ্যারিজোনা, অরেগন, নর্থ ক্যারোলাইনা, ইলিনয়, মিশিগান, ওয়াশিংটন ও ক্যালিফোর্নিয়াতে।

ম্যানহাটনের ঐতিহ্যবাহী মুভি থিয়েটার ‘ভিলেজ ইস্ট বাই অ্যাঞ্জেলিকা’য় বৃহস্পতিবার (৫ মে) জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ‘রিকশা গার্ল’-এর প্রিমিয়ার। নিউ ইয়র্কে চলচ্চিত্রটি উপভোগ করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকও। মূলত সেই অনুষ্ঠানেই রিকশার ছবিটি তোলেন অমিতাভ ও পলক।

অমিতাভ জানান, যুক্তরাষ্ট্রের প্রায় সব বড় শহরেই সিনেমাটি প্রদর্শিত হবে। সেখানে ছবিটি স্ক্রিনিং এর দায়িত্বে রয়েছে ‘বায়োস্কোপ ফিল্মস’।

এদিকে প্রিমিয়ার অনুষ্ঠানে দর্শকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন সিনেমাটির নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, নির্বাহী প্রযোজক আসাদুজ্জামান সকাল, সহ-প্রযোজক মাহজাবিন রেজা, কেন্দ্রীয় চরিত্রের অভিনয়শিল্পী নভেরা রহমান, মোমেনা চৌধুরীসহ অন্যান্যরা।

এছাড়া, সিনেমাপ্রেমীরা চলচ্চিত্রটির কলা-কুশলীদের সাথে পরিচিত হওয়ার পাশাপাশি পরিচালকের সঙ্গে একটি প্রশ্নোত্তর পর্বেও মিলিত হয়েছেন।

অমিতাভ রেজা বলেন, “যুক্তরাষ্ট্রে যাত্রার শুরুতেই এমন অভাবনীয় সাড়া পেয়ে আমি মুগ্ধ। স্থানীয় বাসিন্দা ও আমাদের প্রবাসী ভাই-বোনেরা সবাই আগ্রহ নিয়ে ছবিটি উপভোগ করেছেন। মে মাসজুড়েই এ দেশের বিভিন্ন রাজ্যের বড় বড় শহরে ‘রিকশা গার্ল’ প্রদর্শিত হবে। আমি সবাইকে সিনেমা হলে চলচ্চিত্রটি উপভোগের নিমন্ত্রণ জানাচ্ছি।”

‘আয়নাবাজি’র মাধ্যমে চলচ্চিত্রে রাজকীয় অভিষেক হয় নির্মাতা অমিতাভ রেজার। ‘রিকশা গার্ল’ তার দ্বিতীয় সিনেমা, যেটি মুক্তির অপেক্ষায় রয়েছেন বাংলাদেশের দর্শকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *