মাকে ভালোবাসার জন্য আলাদা দিবস লাগে না, প্রতিদিনই মা দিবস। এটা যেমন সত্য, তেমনি একটা দিন মায়ের জন্য বিশেষভাবে বরাদ্দ থাকা, তার প্রতি ঘটা করে ভালোবাসা প্রকাশ করার মাঝে মন্দ কিছু নেই।
প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বজুড়ে মা দিবস হিসেবে পালিত হয়। সে হিসেবে আজ মা দিবস। এই দিনে মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করছেন সবাই। কেউ কেউ স্মৃতিকাতর হচ্ছেন, কেউ মায়ের সঙ্গে ছবি দিয়ে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করছেন।
বাদ পড়ছেন না তারকারাও। মা দিবসে দেশের সিনেমার শীর্ষ তারকারা শুভেচ্ছা জানিয়েছেন। নিজ নিজ মায়ের সঙ্গে তোলা ছবি শেয়ার করে ভালোবাসা জানিয়েছেন পৃথিবীর সব মা’কে।
বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খান। সেখান থেকেই মায়ের উদ্দেশে বার্তা দিয়েছেন নায়ক।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘আম্মা, আজ পর্যন্ত তুমি আমার জন্য যা করেছ তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি তোমাকে অনেক ভালোবাসি। শুভমাতৃ দিবস আমার এবং সকল মায়েদের।’
