ঈদ ঘিরে রাজধানীর প্রতিটি শপিংমল বা সুপারশপে জমজমাট কেনাকাটা। এ সুযোগে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী ক্রেতাদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন পণ্যের মাত্রাতিরিক্ত দাম। রাজধানীর পল্টন এলাকার পলওয়েল সুপার মার্কেটের একটি দোকানে বিক্রি হচ্ছিল কিছু টি শার্ট। দোকানকর্মীরা জানান, এসব টি শার্ট ইংল্যান্ড থেকে আনা। প্রতিটির বিক্রয়মূল্য ৬৫ হাজার ৫০০ টাকা।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আভিযানিক টিম ওই দোকানে গিয়ে আমদানি নথি চাইলে তা দেখাতে পারেননি দোকান মালিক। বলা হয়, লাগেজে করে এসব টি শার্ট লন্ডন থেকে আনা হয়েছে।
রোববার (১ মে) নিজের ফেসবুক অ্যাকাউন্টে করা এক পোস্টে এমনটাই জানালেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল জাব্বার মন্ডল।
তিনি বলেন, গতকাল (শনিবার) রাজধানীর পলওয়েল সুপার মার্কেটে অভিযানের সময় এটা দেখলাম। দোকান থেকে বলা হলো টি শার্টগুলো লন্ডন থেকে নিয়ে আসা হয়েছে। এ রকম কথাবার্তা বলছে। প্রতিটি টি শার্টের গায়ে নির্ধারিত এমআরপি ৬৫ হাজার ৫০০ টাকা লেখা। ওদের কোনো জরিমানা করা হয়নি। তবে ঈদের পর দোকান কর্তৃপক্ষকে ডাকবো।
