অন্যান্য বছরে ঈদ মানেই মহাসড়কে তীব্র যানজট। কিন্তু এবার তার উল্টোচিত্র। যেসব স্থানে যানবাহনের দীর্ঘ সারিতে স্থবির হয়ে যায় সবকিছু, সেই স্থানগুলোতে যানজটতো দূরের কথা, গাড়ির স্বাভাবিক চাপও নেই।
গতকাল রোববার মহাসড়কে যানবাহনের কিছু চাপ থাকায় ধীর গতিতে যানবাহন চলাচল করলেও নির্বিঘ্নে নাড়ির টানে বাড়ি ফিরেছে মানুষ। সোমবার ভোররাত থেকেই মহাসড়কে কমতে থাকে যানবাহনের চাপ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, আজ সোমবার (২ মে) সকালে মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস, বিক্রমহাটি, রসুলপুর, কালিহাতী উপজেলার পৌলি, এলেঙ্গা, আনালিয়াবাড়ী, জোকারচরসহ বঙ্গবন্ধু সেতুর সংযোগ সড়কের গোলচত্বর এলাকা পর্যন্ত তেমন কোন যানবাহন চালাচল করতে দেখা যায়নি। যাও দু-একটি চলাচল করছে তার মধ্যে ব্যক্তিগত গাড়ি প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংখ্যাই বেশি।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আতোয়ার রহমান বলেন, রোববার (১ মে) দুপুর থেকে মহাসড়কে ঘরমুখী যানবাহন ও মানুষের চাপ কমছে। সোমবার (২ মে) সকালে মহাসড়ক অনেকটাই ফাঁকা। আগের তুলনায় কম যানবাহন চলাচল করছে।
