অভিনয়ে নাম লেখালো চঞ্চল চৌধুরীর ছেলে!

দেশের অভিনয় জগতের উজ্জ্বল নক্ষত্র চঞ্চল চৌধুরী। সিনেমা, নাটক কিংবা ওয়েব কনটেন্ট, সবখানেই তার আলাদা দাপট। সফল এই তারকার একমাত্র সন্তানের নাম শুদ্ধ। বয়স সবে ১২ বছর। মায়ের (চঞ্চলের স্ত্রী) সঙ্গে এসেছিলেন বাবার শুটিং দেখতে। এরপর হঠাৎ সিদ্ধান্তে দাঁড়িয়ে যান ক্যামেরার সামনে!

হ্যাঁ, অভিনয়ে নাম লিখিয়েছেন চঞ্চলের ছেলে শুদ্ধ। তবে এটাকে আনুষ্ঠানিক বলতে চান না চঞ্চল। কেবল ঘটনাক্রমে একটি দৃশ্যে কয়েকটি সংলাপ দিয়েছেন শুদ্ধ। পুরোদস্তুর অভিনয়ে আসার জন্য তাকে আরও অনেক পথ পেরোতে হবে বলে মনে করেন চঞ্চল।

ছেলের অভিনয়ে আসার বিষয়টি সোশ্যাল মিডিয়ায় স্পষ্টভাবে জানিয়েছেন ‘মনপুরা’ খ্যাত তারকা। তিনি বলেন, ‘শুদ্ধর কেবল প্রথম টিভি ক্যামেরার সামনে দাঁড়ানো! ব্যাপারটা আহামরি কিছু না। গিয়েছিল পুবাইলে এবারের ঈদের নাটকের শুটিং দেখতে। সাথে ওর মা-ও ছিল। পরিকল্পনা ছাড়াই ছোট ছোট চার-পাঁচ ডায়লগের ছোট্ট একটা সিকোয়েন্স। কো আর্টিস্ট দিব্য, সৌম্য।’

চঞ্চল জানান, তার ছেলের অভিনয়ে আসার যথেষ্ঠ ইচ্ছে রয়েছে। তবে এর জন্য তাকে তৈরি হতে হবে। চঞ্চলের ভাষ্য, ‘শুধু ইচ্ছায় তো আর কাজ হবে না। আগে তো শুটিং দেখতে হবে, তারপর অভিনয়টা শিখতে হবে, তারপর তো অভিনয়। চঞ্চল চৌধুরীর ছেলে বলেই যে ক্যামেরার সামনে দাড়িয়েই খুব সহজে অভিনেতা হয়ে যাবে, ব্যাপারটা এরকম নয়। তবে ওর দেখাটা শুরু হলো। এই আর কি।’

তিনি যোগ করেন, ‘শুদ্ধর বয়স এখন ১২ বছর চলছে। ক্লাস সিক্সে পড়ে বাংলা মাধ্যমে। যদি ওর যোগ্যতা ও নিয়তি আমার মত ওকেও ক্যামেরার সামনে নিয়ে আসে, তখন হয়তো এই ছবিগুলোই একদিন ইতিহাস হয়ে যাবে। শুদ্ধকে সবাই আশীর্বাদ করলেই আমি খুশি।’

চঞ্চল চৌধুরী জানিয়েছেন, আসছে ঈদ উপলক্ষে নির্মিত হচ্ছে নতুন নাটক ‘সুশীল ফেমেলি’। বৃন্দাবন দাসের রচনায় নাটকটি পরিচালনা করছেন দীপু হাজরা। এতে চঞ্চলের সঙ্গে আরও অভিনয় করেছেন বৃন্দাবন দাস, শাহনাজ খুশি, গোলাম ফরিদা ছন্দা, সৌম্য ও দিব্য। এই নাটকেই ছোট একটি দৃশ্যে অভিনয় করেছেন চঞ্চলপুত্র শুদ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *