হাওরে আর সড়ক নির্মাণ হবে না: মন্ত্রিসভা

সিলেট ও সুনামগঞ্জসহ হাওর অঞ্চলগুলোতে আর কোনো সড়ক নির্মাণ করা হবে না। প্রয়োজনে এলিভেটেড পদ্ধতিতে এগুলো নির্মাণ করা হবে। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আজ ক্লিয়ার ইন্সট্রাকশন দেয়া হয়েছে যে, হাওর এলাকাতে কোনো রাস্তাঘাট এখন থেকে আর করা যাবে না। এখন থেকে এলিভেটেড করতে হবে, যদি কিছু হয়। যাতে করে পানি চলাচলে বাঁধা না আসে।

‘পারটিকুলারলি এটা দেখতে বলা হয়েছে, সিলেটের পানিটা মূলত নামে অষ্টগ্রামের দিক দিয়ে। এখানে যে রাস্তাটা করা হয়েছে মিঠামইন থেকে অষ্টগ্রাম, সেটাতে কোনো এফেক্ট হলো কিনা এটাও দেখতে বলা হয়েছে। আমরা নিজেরাও রোডস অ্যান্ড হাইওয়েকে বলেছি, এটা রিভিউ করে প্রতি আধা কিলোমিটার পর পর দেড়শ থেকে দুইশ মিটার ব্রিজ করে দেয়া যায় কিনা।’

এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগকে নির্দেশনা এরই মধ্যে দেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এখানে এখনও ব্রিজ আছে, তারপরেও তাদের সার্ভে করতে বলা হয়েছে।

‘এই সড়ক যেটা তারা করেছে, সেটার কারণে পানি যদি আটকে যায় তাহলে তারা আধা কিলোমিটার বা আরেকটু লজিক্যাল ডিস্টেনসে, যদি মনে করে এই সড়কটা পানির জন্য বাঁধা তাহলে যাতে পানির ফ্লো ঠিক হয়, এ জন্য আরও পর্যাপ্ত ব্রিজ করে দেয়া যায় কিনা সেটা তারা ঠিক করবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *