ঈদ বাজারে ক্রেতা টানতে ৫০ শতাংশ ছাড়ের কথা বলে অভিনব ‘প্রতারণা’র অভিযোগ উঠেছে ইরো (iro) নামের একটি ফ্যাশন হাউজের বিরুদ্ধে।
রোববার (১৭ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ফ্যাশন হাউজকে লাখ টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডে এই ফ্যাশন হাউজের একটি দোকান রয়েছে।
ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল বলেন, গত শনিবার একজন ক্রেতা ওই প্রতিষ্ঠান থেকে ৫০ শতাংশ ছাড়ে দুই হাজার ৪৯০ টাকা দামের একটি পাঞ্জাবি কিনেন। বাসায় গিয়ে তিনি দিখেন, পাঞ্জাবিটিতে তিনটি স্টিকার লাগানো। প্রথম স্টিকারে লেখা দুই হাজার ৪৯০ টাকা, তার নিচে দ্বিতীয় স্টিকারে লেখা এক হাজার ৭৯০ টাকা এবং সবচেয়ে নিচে তৃতীয় স্টিকারে লেখা এক হাজার ১৯০ টাকা।
তিনি বলেন, এমন অভিযোগ খতিয়ে দেখতে রোববার ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা পরিচালনা করা হয়। এতে দেখা যায়, এভাবে আরও কয়েকটি পোশাকের গায়ে ভিন্ন ভিন্ন দামের স্টিকার লাগানো রয়েছে। কোনোটিতে দুটি, আবার কোনোটিতে তিনটি স্টিকার লাগানো রয়েছে। তদন্তে অপরাধ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
