ঢাকাই সিনেমার জনপ্রিয় প্রয়াত অভিনেতা এস এম আসলাম তালুকদার মান্নার জন্মদিন আজ। ১৯৬৪ সালের ১৪ এপ্রিল টাঙ্গাইলে জন্ম গ্রহণ করেন তিনি। প্রয়াত এই অভিনেতার জন্মদিন উপলক্ষে ‘স্বপ্নের বাজীগর মান্না’ শিরোনামে একটি গান প্রকাশ হয়।
নায়ক মান্নার জন্মদিনে দুপুরে কৃতাঞ্জলির ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হয়। গানটি গেয়েছেন সংগীত শিল্পী আসিফ আকবর। গানটি লিখেছেন আমীনূর রহমান ও সুর করেছেন কিশোর দাশ।
গানটি উন্মুক্ত করার জন্য নায়ক মান্নার নিজ হাতে গড়া কৃতাঞ্জলির অফিসে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ছিলেন নির্মাতা সোহানুর রহমান সোহান, চিত্রনায়িকা সাথী, সংগীত পরিচালক ইবরার টিপু, সংগীত শিল্পী কান্তা ও প্রয়াত অভিনেতার স্ত্রী শেলী মান্নাসহ আরো অনেকে।
এসময় প্রয়াত অভিনেতার স্ত্রী সকলকে নবর্ষের শুভেচ্ছা জানিয়ে শেলী মান্না বলেন, ‘প্রয়াত অভিনেতা আমার স্বামী এস এম আসলাম তালুকদার মান্না আমাদের মাঝে নেই। তবে তার রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো আমি নিজে ধরেছি। মান্না চলে যাওয়ার আজকের দিনই আমরা মান্না ফাউন্ডেশন প্রতিষ্ঠা করি, কৃতাঞ্জলির ইউটিউব চ্যানেল ও ওটিটির যাত্রা শুরু করি। বাংলাদেশের এই জনপ্রিয় নায়ককে স্মরণ করে দুটি গান দুটি রেকর্ড করা হয়েছে। যার মধ্যে আজ আসিফ আকবরের ‘স্বপ্নের বাজীগর মান্না’ শিরোনামের গানটি প্রকাশ করা হলো। আরেকটি আমার লেখা গান, সেটিও আমরা খুব দ্রুত প্রকাশ করব।
উল্লেখ্য, ক্যারিয়ারের শুরুতে অনেক কাঠখড় পোড়াতে হলেও পরে আর পেছনে ফিরে তাকাতে হয়নি মান্নাকে। অপ্রতিদ্বন্দ্বী এই নায়কের ক্যারিয়ার যখন জনপ্রিয়তার তুঙ্গে ঠিক তখন ২০০৮ সালে আচমকা মৃত্যুর কাছে হার মানেন তিনি। তারপর কেটে গেছে অনেকটা বছর। তবু আজও অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তাকে।
