কিছুদিন আগেই শোনা গিয়েছিল আসতে চলেছে শ্রাবন্তীর নতুন সিনেমা। সম্প্রতি কাশ্মীরে উড়ে গিয়েছিলেন অভিনেত্রী এই সিনেমার শ্যুটিংয়ের জন্য। এই ছবিতে ওমের সঙ্গে জুটি বাঁধছেন তিনি।
বুধবার প্রকাশ্যে এল এই ছবির পোস্টার। আর যেমনটা কথা ছিল তেমন টাই পোস্টারেই ইঙ্গিত মিলল, এই ছবিতে নতুন চমক দিতে চলেছেন শ্রাবন্তী।
ছবির পোস্টারে দেখা যায়, অভিনেত্রী শ্রাবন্তী ওমকে জড়িয়ে ধরছেন। উপরে লেখা রয়েছে ছবির নাম ‘ভয় পেও না’। এছাড়া পোস্টারে দেখা মেলে রহস্যময়ী শ্রাবন্তীকে। তার কাঁধেও রয়েছে দুটি ভয়ানক হাত। দেখে মনে হয়, কোনো অশরীরী আত্মা শ্রাবন্তীকে ছুঁয়ে আছে। তবে কি ভূতে ধরেছে তাকে? প্রশ্ন দানা বাঁধছে দর্শকের মনে।
‘ভয় পেও না’ সিনেমাটি নির্মাণ করেছেন অয়ন দে। সিনেমাটিতে শ্রাবন্তীর স্বামীর ভূমিকায় অভিনয় করেছেন ওম সাহানি।
জানা যায়, ‘ভয় পেও না’ সিনেমার গল্প মূলত বধূ ও শাশুড়ির সম্পর্ক ঘিরে। তবে সেটার মাঝেই টুইস্ট আছে। সেই টুইস্ট হতে পারে ভৌতিক কিছু। আর সেজন্যই সিনেমার নাম দেওয়া হয়েছে ‘ভয় পেও না’।
সিনেমাটিতে ভূতের উপস্থিতি আছে কিনা, তা অবশ্য এখনই বলতে চাইছেন না সংশ্লিষ্টরা। শ্রাবন্তী জানিয়েছেন, তিনি ভূতে ভীষণ ভয় পান। তবে ভৌতিক সিনেমা দেখতে ভালো লাগে তার। গা ছমছমে ব্যাপারটা উপভোগ করেন অভিনেত্রী।
ভারতের বেশ কয়েকটি মনোরম স্থানে সিনেমাটির শুটিং হয়েছে। গানের চিত্রায়ন করা হয়েছে ভূস্বর্গ কাশ্মীরে। জানা গেছে, আগামী ২৭ মে এটি মুক্তি পাবে।
