মাথায় ফুলের টায়রা পরে রিকশায় জয়া আহসান, কারণ কি?

আনন্দ-উৎসবের মাধ্যমে বাংলা নতুন বছরকে বরণ করে নেয় বাঙালিরা। বৈশাখের প্রথম দিনে ঢাকার রমনা বটমূলে বর্ষবরণ আয়োজন ও মঙ্গল শোভাযাত্রা পরিণত হয়েছে জাতীয় উৎসবে।

বর্ণিল সাজে, মুখোশ ও মোটিভ নিয়ে সাধারণ মানুষের অংশগ্রহণে আয়োজনটি হয়ে ওঠে সার্বজনিন। সব শ্রেণী-পেশার মানুষই এ আয়োজনে অংশ নেন। অভিনেতা-অভিনেত্রীদেরও দেখা যায় এ আয়োজনে।

বাংলা সন ১৪২৯ বরণ করে নেয়ার মঙ্গল শোভাযাত্রায় দেখা মিলেছে দুই বাংলা জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে। এ সময় তার সঙ্গে আরও দেখা গেছে রিকিতা নন্দীনি শিমুকে।

তারা দুজনে রিকশায় করে ঘুরছিলেন। লাল-সাদা রঙের পোশাক, মাথায় ফুলের টায়রা পরা ছিলেন দুজনেই। শিমুর মুখে মাস্ক না থাকলেও জয়ার মুখ ছিল আবৃত। মঙ্গল শোভাযাত্রায় অনেক মানুষের ভেতরে জয়া ও শিমুকে সহজে চেনার উপায় ছিল না। তারপরও তারা এড়াতে পারেনি পাপ্পারাজির ক্যামেরা।

সেখানে জয়া ও শিমুর সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তা সম্ভব হয়নি। তাদের সঙ্গে থাকা দুজন জানান, শুটিং করতেই জয়া ও শিমুর শোভাযাত্রায় আসা। এ ব্যাপারে তারা বিস্তারিত পরে জানাবেন। কিন্তু শুটিংয়ের এ পর্যায়ে জয়া বা শিমুর সঙ্গে কথা বলা যাবে না বলে জানান তারা।

জয়া ও শিমু সম্প্রতি শুরু করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম পরিচালিত একটি সিনেমার কাজ। মন্ত্রণালয়ে জমা দেয়া কাগজ অনুযায়ী সিনেমাটির নাম সিএনজি। জানা যায়, প্রায় ২০ দিনের শুটিং করবে ইরানি টিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *