ঢাকা: চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২ বা ৩ মে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে। সেই তারিখটির প্রতি নজর রেখে আগামী ২৭ এপ্রিল থেকে গার্মেন্টস শ্রমিকদের পর্যায়ক্রমে ছুটি দেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
রবিবার (১০ এপ্রিল) সচিবালয়ে ঈদুল ফিতর উপলক্ষে নৌপথে স্টিমার, লঞ্চসহ জলযান সুষ্ঠুভাবে চলাচল, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে যথাযথ কর্মপন্থা গ্রহণে আন্তমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, বিজিএমইএ ও বিকেএমইএ’র মাধ্যমে আমাদের জানানো হয়েছে ২৭ এপ্রিল থেকে তারা পর্যায়ক্রমে ছুটির ব্যবস্থা করবে। যাতে অতিরিক্ত চাপ রাস্তা ও নৌপথে তৈরি না হয়। এই জিনিসটি নিশ্চিত করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, যে ফেরিগুলো ডকইয়ার্ডে আছে, মেরামতের জন্য এগুলো দ্রুত ঠিক করে ঈদের যানবাহন পরিবহনের জন্য প্রস্তুত হয়ে যাবে। তারা আমাদের নিশ্চিত করেছে এবার ৫১টি ফেরির সেবা বিভিন্ন নৌ রুটে দিতে পারব।
জেলা, উপজেলা ও বিভাগীয় প্রশাসন ও পুলিশ বৈঠকে যুক্ত ছিলো জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, তাদের আমরা আজকের সভার সিদ্ধান্তগুলো লিখিতভাবে পাঠিয়ে দেব। তারা স্থানীয় পর্যায়ে সভা করে ব্যবস্থা নেবেন।
এদিকে আসন্ন ঈদের সময় নৌযাত্রা নির্বিঘ্ন করতে জাতীয় পরিচয়পত্র ছাড়া (এনআইডি) লঞ্চের টিকিট মিলবে না বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী। ঈদের পাঁচদিন আগে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
তিনি বলেন, টিকিট সংগ্রহের আগে এনআইডির কপি দিতে হবে। কেবিন বা ডেকে হোক, লঞ্চে উঠতে গেলে তাকে পরিচয়পত্র সরবরাহ করতে হবে। অন্যথায় আমাদের পক্ষে টিকিট দেওয়া সম্ভব হবে না। মালিক-শ্রমিক সবাই মিলেই এ সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া নির্ধারিত ভাড়ার চেয়ে কম ভাড়া নেওয়ার প্রলোভন দিয়ে অতিরিক্ত যাত্রী লঞ্চে উঠানো যাবে না।
