এবার চয়নিকার সঙ্গে বুবলী, থাকবে মাহফুজও

শবনম ইয়াসমিন বুবলী। ঢাকাই সিনেমার পোস্টার বয় শাকিব খানের নায়িকা হয়ে সিনেমাতে পা রাখেন। বর্তমানে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করছেন সময়ের সেরা নায়িকা হিসেবে। হাফ ডজনেরও বেশি সিনেমা ও ওয়েব সিরিজ নিয়ে ব্যস্ততা তার।

বৈচিত্রময় গল্পে নানা রকম চরিত্রে একাধিক নায়কের সঙ্গে কাজ করছেন তিনি। সেই ধারাবাহিকতায় বুবলী সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন চয়নিকা চৌধুরীর সিনেমায়। সেখানে তিনি জুটি বাঁধছেন নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ সঙ্গে।

সিনেমার নাম ‘প্রহেলিকা’। বিষয়টি নিশ্চিত করেছেন বুবলী। তিনি বলেন, ‘স্বপ্নের মতো একটি প্রজেক্ট। মাহফুজ আহমেদ আমার খুবই পছন্দের একজন অভিনেতা। উনার সঙ্গে জুটি হয়ে কাজ করাটা তো অন্যরকম আনন্দ দিচ্ছে। সেইসঙ্গে চয়নিকা দিদির সঙ্গেও কাজ করতে মুখিয়ে আছি।’

মাহফুজ আহমেদকে নিয়ে অনেক নাটক নির্মাণ করেছেন চয়নিকা। অন্যদিকে বুবলীকে নিয়ে এটি হতে যাচ্ছে নির্মাতার প্রথম কাজ।

মাহফুজকে নিয়ে চয়নিকার বক্তব্য, ‘মাহফুজ আহমেদকে নিয়ে অনেক কাজ করেছি। সিনেমাতেও তাকে নিয়ে কাজ করতে চাই। তিনি অত্যন্ত গুণী অভিনেতা। আর গল্পটির যে চরিত্র, সেটিতে মাহফুজ আহমেদই সবচেয়ে ভালো সেট করেন।’

সিনেমার গল্প, সংলাপ ও চিত্রনাট্য করেছেন পান্থ শাহরিয়ার।

ভক্ত-অনুসারীদের সিনেমাটির খবর জানিয়ে নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন বুবলী। সেখানে তিনি উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, ‘সুন্দর কাজটির অংশ হতে পেরে আমি খুব খুশি। পুরো ইউনিটকে অনেক ধন্যবাদ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *