প্রেমের খবর ছড়ানোর পর রোজিনার উল্টা পথে হেঁটেছি: ইলিয়াস কাঞ্চন

বাংলা চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় জুটি ইলিয়াস কাঞ্চন ও রোজিনা। একসঙ্গে বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন দুই তারকা। তাদের জুটি হয়ে প্রথম সিনেমা বংশধর। এর মধ্যে রোজিনা দর্শকদের কাছে বেশ পরিচিত হয়ে গেছেন, কিন্তু তখনও তৈরি হয়নি কাঞ্চনের অবস্থান।

এমন অবস্থায় থেকে দুজন শুরু করলেন সিনেমা এবং পরে রতনমালা, নিকাহ, সম্মান নামের সিনেমাতেও অভিনয় করেছেন একসঙ্গে।

শুক্রবার (০১ এপ্রিল) অভিনেত্রী রোজিনার নানাবাড়ি রাজবাড়ীর গোয়ালন্দে পৌনে ২ কোটি টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন একটি মসজিদ উদ্বোধন অনুষ্ঠানে দুজনের পথচলা নিয়ে স্মৃতিচারণ করেন ইলিয়াস কাঞ্চন।

ইলিয়াস কাঞ্চন বলেন, ‘সত্যি কথা বলতে, রোজিনাকে দেখতে আমার চাচাতো বোনের মতো। চেহারার এই মিলটা রোজিনার সঙ্গে ভালো বন্ডিং তৈরি করতে সাহায্য করেছে। পরে আমরা ভালো সহকর্মী হয়ে উঠেছি।’

কাঞ্চনের সঙ্গে প্রথম সিনেমার অভিজ্ঞতা নিয়ে রোজিনা বলেন, ‘বংশধর সিনেমার শুটিং ছিল মানিকগঞ্জে, যখন বলল কাঞ্চন আছে, তখন আমি আর ও একসঙ্গে সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে কাজটি করেছি।’

সহশিল্পী হিসেবে দুজনে-দুজনার প্রতি খুবই শ্রদ্ধার সম্পর্ক বজায় রেখেছেন এখনও। তবে এ দুই শিল্পীকে নিয়ে আশির দশকে গুঞ্জনও ছিল কিছু।

সহকর্মী থেকে বন্ধু হয়ে উঠলেন কবে? এ প্রশ্নের উত্তরে কাঞ্চন বলেন, ‘আপনারা সাংবাদিকরা অনেক সময় বন্ধুত্বকে প্রেমে পরিণত করেন।’

এমন ঘটনা ঘটেছে জানিয়ে কাঞ্চন বলেন, ‘একবার এমন একটা খবর হয়েছিল যে আমার আর রোজিনার নাকি প্রেম চলছে। এ খবর পড়ে তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি এতটাই লাজুক ছিলাম, বিশ্বাস করেন, ওই খবরের পর রোজিনা যে দিকে, আমি তার উল্টা দিকে।’

খবরটিকে একদম মিথ্যা উল্লেখ করে কাঞ্চন আরও বলেন, ‘আমার ওস্তাদ সুভাষ দত্ত বলেছিলেন, খবরদার প্রেমে পড়িস না, তাইলে আর আগাইতে পারবি না। ওরকম সংবাদে তো আমি অভ্যস্ত না, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম।’

রোজিনাও সায় মিলিয়ে বলেন, ‘হেডিংটাও ওরকমভাবে দিত, যেন মানুষ পড়ে।’

রোজিনা তার জনপ্রিয় হয়ে ওঠার সময়ের কথা বলতে গিয়ে জানান, কয়েকটা সুপারহিট সিনেমায় অভিনয় করেও প্রতিকার পাতায় উঠতে পারেননি তিনি। তখন আরও অনেক ব্যবসাসফল সিনেমা করতে পারলে পত্রিকায় তাকে নিয়ে সাক্ষাৎকার প্রকাশ পেত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *