সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ যানবাহনের অতিরিক্ত গতি। একইভাবে মোটরসাইকেল চালকদের মাথায় হেলমেট না থাকায় দুর্ঘটনায় মৃত্যুর হার অনেক বেশি। তাই দিনাজপুরে মোটরসাইকেল দুর্ঘটনারোধে হেলমেট পরিধান নিশ্চিত করতে বিশেষ অভিযান শুরু করেছে দিনাজপুর জেলা পুলিশ।
অভিযানের প্রথম দিনে ৬০৭টি মামলা দায়ের হয়েছে। এতে জরিমানা করা হয়েছে ১৮ লাখ টাকা। গতকাল বুধবার (২৩ মার্চ) দিনাজপুরের পুলিশ সুপার মো. আনোয়ার হোসেনের তত্ত্বাবধানে দিনাজপুর জেলা পুলিশ দিনব্যাপী এ অভিযান পরিচালনা করে।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সচীন চাকমা জানান, মোটরসাইকেলচালক ও আরোহীদের হেলমেট পরা শতভাগ নিশ্চিত করতে জেলায় বুধবার থেকে অভিযান শুরু হয়েছে। এখন থেকে চলমান অভিযানের পাশাপাশি সপ্তাহে যেকোনো একদিন বিশেষ অভিযান চালানো হবে। হেলমেট না পরাসহ আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।
তিনি জানান, বুধবার অভিযানে জেলার ১৩ থানায় হেলমেট না পরায় ৬০৭টি মামলা করা হয়েছে। জরিমানা করা হয় ১৮ লাখ ২০ হাজার টাকা। কেউ কেউ ঘটনাস্থলে জরিমানা পরিশোধ করেছেন। যারা তাৎক্ষণিক জরিমানা দিতে পারেননি তাদের বিরুদ্ধে মামলা দিয়ে সময় বেঁধে দেয়া হয়েছে।
পুলিশ সুপার জানান, হেলমেট না পরলে দুর্ঘটনায় মৃত্যুর আশঙ্কা বেশি থাকে। জনগণের স্বার্থেই এই অভিযান চালানো হচ্ছে।
