রাজধানীতে গুলিতে আ.লীগ নেতা ও কলেজছাত্রী নিহত

ঢাকা: রাজধানীর শাহজাহানপুরে অজ্ঞাতপরিচয় অস্ত্রধারীদের গুলিতে আওয়ামী লীগ নেতাসহ দুইজন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় গুলিবিদ্ধ তার গাড়িচালককে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করানো হয়েছে।

বৃহস্পতিবার রাত ১০টার শাহজাহানপুরের আমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের একজন জাহিদুল ইসলাম টিপু মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। অপরজন কলেজ ছাত্রী সুমাইয়া আফরিন প্রীতি। ২৪ বছর বয়সের এই কলেজছাত্রী রিকশায় করে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন। গুলিতে আহত প্রাইভেটকার চালকের নাম মুন্না।

নিহত টিপুর স্বজন মেরাজউদ্দিন মেরাজ বলেন, ‘আমার ভাইসহ চারজন প্রাইভেটকারে শাজাহানপুর এলাকায় পৌঁছামাত্র দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি করে। এসময় গাড়ির ভেতরে থাকা চালকসহ দুইজন গুলিবিদ্ধ হয়। ওই সময় একজন পথচারীও গুলিবিদ্ধ হয়।’

স্থানীয়রা গুলিবিদ্ধদের উদ্ধার করে ঢামেকে আনলে চিকিৎসক রাত ১১টার দিকে টিটু এবং প্রীতিকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালে সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল্লাহ খান বলেন, শাহজাহানপুর থেকে গুলিবিদ্ধ অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। এদের মধ্যে এক নারী ও এক পুরুষ মারা গেছেন। গুলিবিদ্ধ আরেকজনের চিকিৎসা চলছে। তবে কে বা কারা তাদের গুলি করেছে সে বিষয়ে এখনও কিছু জানতে পারিনি।

মতিঝিল বিভাগের সবুজবাগ জোনের সহকারী কমিশনার (এসি) মনতোষ বিশ্বাস বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। তবে ঘটনাস্থলে সিআইডির ক্রাইমসিন ইউনিটসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কাজ করছেন। এছাড়া আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *