‘শাকিব খানের সদস্যপদ বাতিলের বিষয়টি সঠিক নয়’

ঢালিউড ইন্ডাস্ট্রির শীর্ষ নায়ক শাকিব খান চলচ্চিত্র প্রযোজনা করেছেন। প্রতিষ্ঠা করেছেন এসকে ফিল্মস। তাই তিনি পেয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সদস্যপদ।

বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল থেকে চলচ্চিত্রপাড়ায় গুঞ্জন তার সদস্যপদ বাতিল করেছে সমিতি। তবে দায়িত্বশীলরা বলছেন ঘটনাটি এমন না।

প্রযোজক সমিতির সাবেক সভাপতি খোরশেদ আলম খসরু বলেন, যে খবর আপনারা শুনছেন তা সত্য নয়। শাকিব খানের সদস্যপদ বাতিল হয়নি। আমাদের গঠনতন্ত্র অনুযায়ী সে সুযোগ নেই।

তাহলে এমন গুঞ্জনের কারণ কী? ‘সামনে আমাদের নির্বাচন। সে নির্বাচনের জন্য ভোটার তালিকা হালনাগাদ করা হচ্ছে। সকল সদস্য কিন্তু ভোটাধিকার পান না। আবার যারা আগে ভোট দিয়েছেন তাদেরকেও নতুন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে হয়। সে অনুযায়ী ২৩ মার্চ ছিল কাগজপত্র (হালনাগাদ ট্রেড লাইসেন্স, টিন নাম্বার, ট্যাক্স সার্টিফিকেট ইত্যাদি) জমা দেওয়ার শেষ সময়। শাকিব সব জমা দিলেও ইনকাম ট্যাক্স সার্টিফিকেট জমা দেননি। তাই প্রাথমিক ভোটার তালিকায় তার নাম উঠেনি’,— বলেন খসরু।

‘এখন শাকিব চাইলে ৩১ মার্চের মধ্যে আপিল করতে পারেন। সেখানে তিনি কাগজটা জমা দিলেই চূড়ান্ত ভোটার তালিকায় তার নাম উঠে যাবে। আশা করি শাকিব তা করবেন।’

জানতে চাইলে প্রযোজক পরিবেশক সমিতির ব্যবস্থাপক সৌমেন্দ্র রায় বলেন, ‘আমরা তো জানি, শাকিব খান এখন দেশের বাইরে আছেন। এদিকে প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচন শিগগিরই শুরু হচ্ছে। নির্বাচনের আগে প্রাথমিক ভোটার তালিকা বাছাই করতে গিয়ে সব সদস্যের হালনাগাদ কাগজপত্র চেক করছিলাম। চেক করতে গিয়ে দেখলাম, শাকিব খান সাহেবের কাগজপত্র হালনাগাদ করা নেই। তিনি যেহেতু দেশের বাইরে আছেন, তাই হয়তো এমনটা হয়েছে। তবে সমিতির যত ধরনের চাঁদা আছে, সব পরিশোধ করা আছে। এখন শুধু আয়করের হালনাগাদ কাগজপত্র নির্বাচনের জন্য গঠিত আপিল বোর্ডের কাছে জমা দিলেই চলবে। শাকিব খানের সদস্যপদ বাতিলের যে খবর ছড়ানো হচ্ছে, তা পুরোপুরি মিথ্যাচার।’

সৌমেন্দ্র রায় আরও বলেন, ‘আমরা শুধু এখন প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করেছি। এই তালিকাও আরও যাছাই–বাছাই করা হবে। এরপর ৩১ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। শাকিব খান সাহেব দেশের বাইরে থাকায় হয়তো তাঁর আয়করের হালনাগাদ কাগজপত্র আমরা এখনো পাইনি। এটা কোনো ইস্যুই নয়। আপিল বোর্ডের কাছে জমা দিলেই ভোটার তালিকায় আবার নাম উঠে যাবে। কিন্তু এটা নিয়ে কারও ইস্যু করা বা সদস্যপদ বাতিলের মিথ্যাচার করাটা তো মোটেও ঠিক নয়।’

কাগজপত্র হালনাগাদ করার ব্যাপারে আপনারা কি শাকিব খান বরাবর কোনো নোটিশ ইস্যু করেছেন? এমন প্রশ্নে সৌমেন্দ্র রায় বললেন, ‘কদিন আগে একটা নোটিশ পাঠিয়েছিলাম।’ শাকিব খান এখন আছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে।

ঢাকায় তাঁর পক্ষ থেকে ব্যবস্থাপক মনির হোসেন বলেন, ‘প্রযোজক পরিবেশক সমিতির কাছ থেকে আমরা কোনো ধরনের নোটিশ পাইনি। আমাদের পক্ষ থেকে কিন্তু সমিতির চাঁদাও নিয়মিত পরিশোধ করা হয়। আয়করের কাগজপত্রের বিষয়টা জানানো হলে তো সেটাও দিয়ে দিতাম। কিন্তু এসব নিয়ে তৃতীয় পক্ষের কারও তো কথা বলার রাইট নেই। এই রকম মিথ্যাচার করার তারা কারা!’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *