খালেদা জিয়াকে আবার কারাগারে নেওয়া হোক: জাফরুল্লাহ

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, আমাকে সবাই অনুরোধ করে আমি যেন বিএনপিকে নিয়ে কিছু না বলি। কিন্তু মাঝে মাঝে না বলে পারি না।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে জাফরুল্লাহ বলেন, বিএনপি বহু জায়গায় না বলছে। তারা দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না। এটাকে আমি পূর্ণ সমর্থন করি।

‘আজকে আরেকটা বিষয়ে বিএনপিকে না বলতে শিখতে হবে। এই যে, খালেদা জিয়াকে বারবার জামিন না দিয়ে বা জামিনের নামে বারবার অপমান করা হচ্ছে। খালেদা জিয়াকে যে প্রক্রিয়ায় বাইরে রাখা হয়েছে সেটি অপমানজনক। বরঞ্চ খালেদা জিয়াকে আবার সেই নাজিমুদ্দিন রোডের কারাগারেই ফিরিয়ে দেওয়া দরকার।’

উনি (খালেদা) বাইরে থেকে কী লাভ হচ্ছে- এ প্রশ্ন রেখে ডা. জাফরুল্লাহ বলেন, ‘উনিতো আমাদের সঙ্গে এসে মিটিং করতে পারছেন না। জনগণের হয়ে কথা বলতে পারেন না। আপনাদের (বিএনপি) কাছে আমার অনুরোধ, আপনারা আন্দোলন সংগ্রামের মাধ্যমে খালেদা জিয়াকে বের করে নিয়ে আসুন। তার নেতৃত্বে আন্দোলন গড়ে তুলে এই সরকারকে ক্ষমতাচ্যুত করুন। এতে সবারই লাভ ও ভালো হবে।’

জাফরুল্লাহ চৌধুরী বলেন বলেন, বর্তমান সরকারের সব কাজই দরিদ্র মানুষের বিরদ্ধে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ সার্বিক কী অবস্থা বিরাজ করছে তা জনগণ দেখছে। একটি সুষ্ঠু নির্বাচন হলে বর্তমান সরকারের কী অবস্থা হবে তা আপনাদের জানা আছে।

জেএসডির সভাপতি আ স ম রব বলেন, আজ ঘরে ঘরে দুর্ভিক্ষ চলছে। এই সরকার গরিব-দুঃখীদের দেখে না। যখন দুর্ভিক্ষ্যের মতো অবস্থা তখন তারা আতশবাজি করে, বেলুন ফুটায়। আপনাদেরকে বলি, ক্ষমতা ছেড়ে আপনাদের তো যেতে হবেই। গরিব, নিম্নবিত্ত, মধ্যবিত্তদের ন্যায্য মূল্যে ভাত দেন, রুটি দেন, নইলে গদি ছেড়ে দেন।

নগরিক ঐক্যের সভাপতি মাহামুদুর রহমান মান্না বলেন, বর্তমান সরকার সাধারণ জনগণকে কোনো তোয়াক্কা করে না। অন্যদিকে এক মন্ত্রী বলেন, দাম বাড়লে কী হয়েছে? সাধারণ মানুষের কেনার ক্ষমতা তিন গুণ বেড়েছে। তাই সাধারণ মানুষের উচিত এসব বিষয়ে প্রতিবাদ করা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে হরতাল করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *