এবার এফডিসি থেকে দু:সংবাদ পেলেন শাকিব খান

ঢালিউড সুপারস্টার শাকিব খান। অভিনেতার পাশাপাশি তিনি একজন প্রযোজকও। তাই শিল্পী সমিতির পাশাপাশি তিনি প্রযোজক সমিতির সদস্য ও ভোটার।

প্রযোজক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ২১ মে। সংগঠনটি বাণিজ্যিক হওয়ায় বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয় প্রযোজক সমিতি।

ভোটের জন্য মন্ত্রণালয় থেকে ভোটারদের তথ্য হালনাগাদ করতে গিয়ে ট্যাক্সের কিছু নথির স্বল্পতা পান মন্ত্রণালয় কর্তৃপক্ষ। আর সে কারণে শাকিব খানের নাম ওঠেনি প্রযোজক সমিতির নির্বাচনের ভোটার তালিকায়।

এসব তথ্য নিশ্চিত করেছেন প্রযোজক সমিতির সাবেক প্রেসিডেন্ট ও প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু।

তিনি বলেন, ‘শাকিব খান ভোটাধিকার হারিয়েছেন। ২৩ তারিখে মন্ত্রণালয়ে তথ্য যাচাই করতে গিয়ে তারা কিছু কাগজের কমতি পেয়েছে।’

তবে আপিলের সুযোগ থাকছে শাকিব খানের। ৩১ মার্চ পর্যন্ত আপিল করতে পারবেন তিনি, অর্থাৎ প্রয়োজনীয় কাগজগুলো জমা দিলেই কেটে যাবে এ সমস্যা।

শাকিব খান এখন রয়েছেন আমেরিকায়। তাই তার পক্ষে কেউ প্রয়োজনীয় সে কাগজগুলো জমা দিলেই ভোট দেয়ার সুযোগ পাবেন বলে জানান খসরু।

তিনি এও বলেন, ‘যদি শাকিব খান কাগজ জমা না দেন এবং ভোটাধিকার হারান, তারপরও তার সদস্যপদ থাকবে সমিতিতে।’

প্রযোজক সমিতির নির্বাচনের ভোটার লিস্টে শাকিব খানের নাম না থাকার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শাকিব খানের বন্ধু ও চলচ্চিত্র প্রযোজক-পরিচালক মো. ইকবাল।

প্রযোজক হিসেবে শাকিব খান সর্বশেষ ‘বীর’ সিনেমা নির্মাণ করেন। তার এসকে ফিল্মসের ব্যানারে এটি মুক্তি পায়।

শাকিব খান দীর্ঘ দিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তাই তাৎক্ষণিকভাবে এ বিষয়ে তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *