আপাতত অভিনয় নয়, শুধু সন্তানকে সময় দিতে চান তিশা

প্রায় বছর হতে চলল অভিনয়ে নেই টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনয়শিল্পী নুসরাত ইমরোজ তিশা। পর্দায় বহুবার মায়ের চরিত্রে অভিনয় করলেও বাস্তবে প্রথমবার মা হলেন ৫ জানুয়ারি।

বরাবরই অভিনয়ে তুমুল ব্যস্ততা তিশার। অনেকে ভাবতে পারে, মা হওয়ার পর হয়তো একটু ফুরসত মিলেছে, ব্যস্ততাহীন জীবন কাটানোর সুযোগ পেলেন। তিশার মতে জীবনের সবচেয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন এখনই।

এমনিতে লম্বা সময় ধরে ঈদ মানেই নাটকে সরব উপস্থিতি থাকে তিশার। কিন্তু সন্তানসম্ভবা হওয়ার পর থেকেই লাইট, ক্যামেরার দুনিয়া থেকে নিজেকে একেবারে গুটিয়ে রাখেন।

সম্প্রতি একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিশার উপস্থিতিতে শুটিংয়ে ফেরার প্রশ্নটি ঘুরেফিরে এসেছে। গণমাধ্যমের পক্ষ থেকে তিশার কাছে তাই জানতে চাওয়া হয়, ‘ঈদে নতুন কোনো নাটক আসবে কি না?’

জানালেন, ‘ঈদে নতুন কোনো নাটক প্রচারের সম্ভাবনা নেই। এবারের পুরো ঈদ আমি আমার সন্তানকে দিচ্ছি। দর্শকদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ, দর্শকের সঙ্গে আমার সময় শেয়ার করতে পারছি না, সন্তানের সঙ্গে এবারের ঈদটা করতে হচ্ছে। পুরোনো কোনো কাজেও দেখা যাবে না।’

এদিকে এখনো পরিবার ও কাছের মানুষেরা ছাড়া কেউই তিশার সন্তানের দেখা পাননি। তিশা-ফারুকীর ভক্তরাও উদ্‌গ্রীব, তাঁদের প্রিয় দুই তারকার সন্তানের দেখা কবে একটিবারের জন্য পাবেন।

কথা প্রসঙ্গে তিশা সে আভাস দিলেন। জানালেন, ‘ঈদে হয়তো দর্শকেরা আমার ইলহামকে দেখতে পাবেন।’ তবে কীভাবে দেখতে পাবেন, তা নিয়ে নিশ্চিত করে কিছুই বলেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *